প্রত্যন্ত অঞ্চল থেকে দ্রুত অসুস্থ ব্যক্তিদের হাসপাতালে নেয়ার জন্য ফ্রি এয়ার অ্যাম্বুলেন্স সেবা চালু করেছে আদ-দ্বীন ফাউন্ডেশন। প্রাথমিক অবস্থায় খুলনা বিভাগের দশটি জেলার মানুষকে এ সেবার আওতায় আনা হয়েছে। সম্প্রতি যশোরে আদ-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের হেলিপ্যাডে এ সেবার উদ্বোধন করেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভুঁইয়া। সেবা দানে যুক্ত করা হয়েছে বেল-৫০৫ মডেলের দুটি হেলিকপ্টার।

দক্ষিণ পশ্চিমাঞ্চলে স্বাস্থ্যসেবায় আদ-দ্বীনের এ সেবা কার্যক্রমের প্রশংসা করে বেবিচক চেয়ারম্যান বলেন, খুলনা বিভাগের দরিদ্র ও অসহায় মানুষের জন্য আদ-দ্বীন ফাউন্ডেশন যে বিনামূল্যে রোগী পরিবহন সেবা চালু করেছে, তা নিঃসন্দেহে যুগান্তকারী পদক্ষেপ। এ উদ্যোগ সংকটাপন্ন অসচ্ছল রোগীদের দ্রুত ও কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আদ-দ্বীন হাসপাতাল জানিয়েছে, সাধ্যের মধ্যে মানসস্মত স্বাস্থ্যসেবার অঙ্গীকার নিয়ে দেশে ৮টি হাসপাতালের মাধ্যমে চিকিৎসা প্রদান করছে আদ-দ্বীন ফাউন্ডেশন। এরই অংশ হিসেবে আদ-দ্বীনের স্বাস্থ্যসেবায় হেলিকপ্টারযোগে বিনামূল্যে রোগী পরিবহন সেবা শুরু করল। যশোর পুলেরহাটে অবস্থিত আদ-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল ও খুলনার বয়রায় অবস্থিত আদ-দ্বীন আকিজ মেডিকেল কলেজ হাসপাতালে নির্মিত হেলিপ্যাডে হেলিকপ্টার দুটি অবতরণ করবে। সেখান থেকে আদ-দ্বীন ফাউন্ডেশন পরিচালিত ৮টি হাসপাতালে জরুরি রোগী স্থানান্তরের সেবা পাবে। খুলনা বিভাগের চিহ্নিত ৫৮৭টি হেলিপ্যাডে হেলিকপ্টার ল্যান্ড করতে পারবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আদ-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের চেয়ারম্যান অধ্যাপক ডা. মুহাম্মদ আব্দুস সবুরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল মজিদ, কাস্টমস হাউজ ঢাকার কমিশনার জাকির হোসেন, যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, সিভিল সার্জন ডা. মাসুদ রানা, যুক্তরাজ্যের বার্মিংহাম ইউনির্ভাসিটি হসপিটালের পেডিয়েট্রিশিয়ান কনসালটেন্ট ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। বক্তব্য রাখেন আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও আকিজ গ্রুপের চেয়ারম্যান ডা. শেখ মহিউদ্দিন, আকিজ এভিয়েশনের ম্যানেজিং ডিরেক্টর মুয়াজ রাকিব, আদ-দ্বীন ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক ডা. মো. আফিকুর রহমান, আদ-দ্বীন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ড. জামালুন্নেসা, আরআরএফের নির্বাহী পরিচালক ফিলিপ বিশ্বাস ও যশোর প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন।