যুক্তরাষ্ট্র সরকার বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের জন্য সহায়তা প্রদান করে। যুক্তরাষ্ট্র দূতাবাসের অ্যাম্বাসেডরস ফান্ড ফর কালচারাল প্রিজারভেশন (এএফসিপি) শীর্ষক এ কর্মসূচির ২০২৫ সালের আওতায় তহবিল সহায়তা প্রাপ্তিতে আবেদন চেয়েছে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস। এ বিষয়ক কনসেপ্ট নোট জমা দেওয়ার শেষ সময় ১৪ জানুয়ারি।

রাজধানীর বেঙ্গল শিল্পালয়ে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) অনুষ্ঠিত এএফসিপি ২০২৫ গ্রান্টস প্রোগ্রামের বিষয়ে একটি অধিবেশনে এ সময়সীমার তথ্য জানানো হয়। ওই সেশনে বাংলাদেশের বিভিন্ন খাতের প্রতিনিধিরা অংশ নেন, যারা দেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে আগ্রহী।

অধিবেশনটি পরিচালনা করেন ইউএস এমব্যাসির কালচারাল অ্যাফেয়ার্স স্পেশালিস্ট ফারোহা সুহরাওয়ার্দী এবং পাবলিক এংগেজমেন্ট স্পেশালিস্ট জোনাথন গোমেজ। তারা এএফসিপি ২০২৫ প্রোগ্রামের আবেদন প্রক্রিয়া এবং অনুদান পাওয়ার সুযোগগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এএফসিপি একটি বার্ষিক প্রোগ্রাম যা বিশ্বের বিভিন্ন দেশে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে সহায়তা প্রদান করে, বিশেষ করে ঐতিহাসিক ভবন, প্রত্নতাত্ত্বিক সাইট, পান্ডুলিপি, যাদুঘর সংগ্রহ এবং আদিবাসী ভাষা ও কারুশিল্পের মতো ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অভিব্যক্তি। এই প্রোগ্রামের অধীনে ২৫ হাজার থেকে ৫ লাখ মার্কিন ডলার পর্যন্ত অনুদান প্রদান করা হয়, যা সাংস্কৃতিক সম্পদের সংরক্ষণ এবং পুনঃস্থাপন প্রকল্পে ব্যয় করা হয়।

ফারোহা সুহরাওয়ার্দী বলেন, এই প্রোগ্রামের মাধ্যমে, যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের জন্য সহায়তা প্রদান করে, যা কেবল স্থানীয় সম্প্রদায়ের পরিচয় গঠনে সহায়ক নয়, বরং বৈশ্বিক ইতিহাসের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি অংশগ্রহণকারীদের ঐতিহাসিক স্থান, স্মৃতিসৌধ এবং ঐতিহ্যবাহী প্রথাগুলোর সংরক্ষণের জন্য অনুদান আবেদন করতে উৎসাহিত করেন, বিশেষ করে যেগুলো প্রাকৃতিক দুর্যোগ, পরিবেশগত বিপদ বা নগরায়নের ফলে হুমকির সম্মুখীন।

অধিবেশন শেষে জানানো হয়, কনসেপ্ট নোট ১৪ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত জমা দেয়া যাবে। নির্বাচিত আবেদনকারীদের মার্চ ২০২৫-এ পূর্ণ প্রকল্প প্রস্তাবনা জমা দেয়ার জন্য আমন্ত্রণ জানানো হবে। আগ্রহী আবেদনকারীরা কনসেপ্ট নোট DhakaGrants@state.gov ইমেইলে জমা দিতে পারবেন।

এফসিপি ২০২৫ গ্রান্টস প্রোগ্রামের জন্য আবেদনকারী সংস্থাগুলোর জন্য আরো বিস্তারিত তথ্য এবং নির্দেশিকা দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইট বা পাবলিক ডিপ্লোম্যাসি সেকশনের মাধ্যমে পাওয়া যাবে।