প্রায় ৪২ হাজার হজযাত্রীকে সৌদি আরব পৌঁছে দিয়ে এ বছরের প্রি-হজ ২০২৫-এর কার্যক্রম শেষ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ৩১ মে শেষ ফ্লাইট বিজি ৩৩৫ এর সফল প্রস্থানের মাধ্যমে ফ্লাইট কার্যক্রম শেষ হয়।
রোববার (১ জুন) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এবিএম রওশন কবীর এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, এ বছর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মোট ১০৮টি ফ্লাইটের মাধ্যমে ৪১ হাজার ৯০২ জন হজযাত্রীকে সুশৃঙ্খল ও নিরাপদভাবে গন্তব্যে পৌঁছে দিয়েছে। এই সময়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিজেদের ফ্লাইটের পাশাপাশি গ্রাউন্ড হ্যান্ডেলার হিসেবে সৌদিয়া, ও ফ্লাইনাস এয়ারলাইন্সের ফ্লাইটসমূহে অত্যন্ত যত্ন সহকারে প্রয়োজনীয় সেবা প্রদান করেছে।
গত ২৯ এপ্রিল ২০২৫ তারিখ থেকে শুরু হয় প্রি-হজ ফ্লাইটের কার্যক্রম। প্রথম থেকেই কুর্মিটোলার আশকোনায় অবস্থিত হজ ক্যাম্প, চট্টগ্রাম ও সিলেট থেকে হজ যাত্রীদের সকল প্রকার সেবা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
প্রি-হজ ফ্লাইট কার্যক্রম সফলভাবে শেষ হওয়ার পর, পরবর্তী গুরুত্বপূর্ণ ধাপ পোস্ট-হজ ফ্লাইট পরিচালনার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রস্তুত রয়েছে। আগামী ১০ জুন ২০২৫ থেকে শুরু হয়ে ১০ জুলাই ২০২৫ পর্যন্ত চলমান থাকবে এই পর্ব। যেখানে প্রত্যাগত হজযাত্রীদের নিরাপদ, সুশৃঙ্খল ও সময়মতো দেশে ফেরা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড।










