প্রতি বছরের ন্যায় এবারও বিশ্বব্যাপী পালিত হচ্ছে ‘বিশ্ব মা দিবস’। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। এরই ধারাবাহিকতায় রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের আয়োজনে দ্বাদশ বারের মতো অনুষ্ঠিত হয়েছে বিশ্ব মা দিবসের বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠান ‘গরবিনী মা-২০২৫’। এবার বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য সমাজের প্রতিষ্ঠিত ১২জন গরবিনী মা কে সম্মাননা প্রদান করা হয়েছে।

রাজধানীর মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এর উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন। এসময় তিনি বলেন ‘মায়ের ঋণ কোনো সন্তানই শোধ করতে পারে না। তাই মায়ের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা থাকতে হবে আজীবন। মা-ই আমাদের জীবনের প্রথম ও শেষ আশ্রয়।’ প্রধান অতিথি উন্নত চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি এমন আয়োজনের জন্য ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। সেইসঙ্গে এই ধারাবাহিকতা বজায় রাখার আহবান জানান।

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও বিসিআই এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রীতি চক্রবর্ত্তী’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও গরবিনী-মা সম্মাননা এর প্রধান উদ্যোক্তা ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এর স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এর মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন।

চলতি বছর সম্মাননা পাওয়া ১২ গরবিনী মা হলেন- প্রশাসন ক্যাটাগরিতে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ- এর নির্বাহী চেয়ারম্যান (সচিব) নাসরীন আফরোজেরমা মনোয়ারা বেগম, আইন ও বিচার ক্যাটাগরিতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২, ব্রাহ্মণবাড়িয়ার বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ রেজাউল করিম এর মা রেজীয়া বেগম, শিক্ষা ক্যাটাগরিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ এর চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এর সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খানের মা মোছাম্মৎ রেজিয়া খাতুন, অর্থনীতি ক্যাটাগরিতে বাংলাদেশ ব্যাংক এর নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা এর মা আয়েশা আক্তার, আইন শৃঙ্খলা ক্যাটাগরিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার কাজী নুসরাত এদীব লুনার মা ফরিদা আফরোজা, চিকিৎসা ক্যাটাগরিতে বাংলাদেশের ল্যাপারোস্কপিক সার্জারির পথিকৃৎ চিকিৎসক প্রফেসর সরদার এ নাঈমের মা রাজিয়া কাদের, প্রকৌশল ক্যাটাগরিতে খ্যাতিমান স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ও হাইরাইজ বিল্ডিং এক্সপার্ট ইঞ্জিনিয়ার এ.কে.এম সাইফুল বারির মা মোছা: হাজেরা বেগম, সাংবাদিকতা ক্যাটাগরিতে বাংলাভিশন- এর ডেপুটি হেড অব নিউজ মো: মাহফুজুর রহমানের মা রাজিয়া খাতুন, সংগীত ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নন্দিত সঙ্গীতশিল্পী দিলশাদ নাহার কনার মা লুৎফুন্নাহার লুৎফা, অভিনয় (নারী) ক্যাটাগরিতে নন্দিত অভিনেত্রী ও মডেল ড. সুমাইয়া শিমুর মা লায়লা রহমান, অভিনয় (পুরুষ) ক্যাটাগরিতে নন্দিত নাট্য, চলচ্চিত্র অভিনেতা ও মডেল আব্দুন নূর সজলের মা কানিজ ফাতেমা এবং ব্র্যাক ব্যাংক - প্রথম আলো ট্রাস্ট অদম্য মেধাবী তহবিল থেকে শিক্ষাবৃত্তি প্রাপ্ত অদম্য মেধাবী বর্ষা রানী বীণার মা শ্রীমতী শৈল বালা।

গরবিনী মা-২০২৫ সম্মাননা প্রদান অনুষ্ঠানে- সকল মাকে সম্মাননা ক্রেস্ট, মেডেল, ফ্রি মাস্টার হেলথ চেক-আপ প্যাকেজ, উডেন পিকচার ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

গরবিনী মা সম্মাননা রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের একটি সামাজিক উদ্যোগ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নন্দিত উপস্থাপিকা শান্তা জাহান।