বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতিতে দুর্বৃত্তদের স্থান হবে না বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিক্ষাবিষয়ক সম্পাদক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। সোমবার (২ জুন) দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘নিজেরা বিচ্ছিন্ন হলে বা বিশৃঙ্খলার সৃষ্টি করলে দেশে নতুন করে ফ্যাসিবাদী শাসনের জন্ম হতে পারে। তাই দলের মধ্যে যারা শৃঙ্খলা ভঙ্গ করে দলের দুর্নাম করছে, সে সব দুর্বৃত্তের স্থান বিএনপিতে হবে না।’

এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ‘বিএনপি ধৈর্যের পরিচয় দিয়ে রাজপথে টিকে আছে। আরো অনেক পথ পাড়ি দিতে হবে।’ সে পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

রাষ্ট্রনায়ক হিসেবে জিয়াউর রহমানের গুণাবলি তুলে ধরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এ উপাচার্য বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম ছিলেন নির্ভীক, দৃঢ়চেতা, দায়িত্ববান, পরিশ্রমী, সৎ, আদর্শবান, ধার্মিক, কর্মীবান্ধব, সৃষ্টিশীল ও দূরদর্শী এক জননন্দিত রাষ্ট্রনায়ক।’

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আব্দুল আউয়াল। সভায় প্রধান বক্তা ছিলেন তাঁতীদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা মো. মনিরুল হক ফরাজী, অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আল আজাদ, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমীন ফকির, অ্যাডভোকেট মেহেদী হাসান ইয়াদ ও মো. গিয়াস উদ্দিন তালুকদার প্রমুখ। এছাড়াও বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিল শেষে অসচ্ছল পরিবারের সদস্যদের মধ্যে বস্ত্র ও খাবার বিতরণ করা হয়।