উন্মুক্তের প্রথম সপ্তাহের মধ্যেই ৭০ লাখেরও বেশিবার ডাউনলোড হয়েছে মেটার নতুন ভিডিও এডিটিং অ্যাপ ‘এডিটস’। অ্যাপটি বর্তমানে ইনস্টাগ্রাম রিলস, স্টোরিজ ও অন্যান্য সোশ্যাল পোস্টের জন্য ভিডিও তৈরি করতে ব্যবহার হচ্ছে। খবর টেকক্রাঞ্চ।
অ্যাপ বিশ্লেষণ প্লাটফর্ম অ্যাপফিগারসের তথ্য অনুযায়ী, গত এপ্রিলের শেষের দিকে উন্মুক্তের প্রথম দুই দিনেই শুধু আইওএস ডিভাইসে প্রায় ৭ লাখ ২ হাজার ৯০০ বার এডিটস ডাউনলোড হয়েছে। এ সংখ্যা প্রধান প্রতিদ্বন্দ্বী অ্যাপ ক্যাপকাটের একই সময়ের ডাউনলোডের তুলনায় প্রায় ৩৭ গুণ বেশি।
আইওএস প্লাটফর্মে ২৪ এপ্রিল পর্যন্ত এডিটসের মোট ডাউনলোড দাঁড়ায় ১২ লাখ। আর অ্যান্ড্রয়েড প্লাটফর্মে ডাউনলোড হয়েছে ৫৯ লাখ বার। সব মিলিয়ে মাত্র কয়েকদিনের ব্যবধানে অ্যাপটির মোট ডাউনলোড সংখ্যা দাঁড়িয়েছে ৭০ লাখ ১০ হাজারে।
তুলনামূলকভাবে উন্মোচনের প্রথম তিন দিনে আইওএস ও অ্যান্ড্রয়েড মিলিয়ে ক্যাপকাট ৮৩ হাজার ৫০০ বার ডাউনলোড হয়েছিল। যদিও তখন অ্যাপটি অর্ধেকের বেশি বৈশ্বিক বাজারে পাওয়া যাচ্ছিল, তবুও সংখ্যায় এটি এডিটসের তুলনায় অনেক পিছিয়ে।
এডিটসের দ্রুত জনপ্রিয়তা অ্যাপ স্টোরের র্যাংকিংয়েও প্রভাব ফেলেছে। লঞ্চের প্রথম দিনেই এটি মার্কিন আইফোন অ্যাপ স্টোরের সব অ্যাপ ও নন-গেম উভয় তালিকায় শীর্ষস্থানে উঠে আসে। দ্বিতীয় দিনে দ্বিতীয় স্থানে ও তৃতীয় দিনে তৃতীয় স্থানে নেমে আসে।
প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, তবে এডিটসের সামনে এখনো অনেক পথ বাকি। টিকটক ক্রিয়েটরদের পছন্দের অ্যাপ ক্যাপকাট ২০২০ সালের এপ্রিলে চালু হয়। এখন পর্যন্ত চীন ছাড়া বিশ্বজুড়ে এটি ১২২ কোটিবার ডাউনলোড হয়েছে।











