নারায়ণগঞ্জের জেরা মেঘনাঘাট পাওয়ার লিমিটেডের (জেএমপিএল) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেলেন ইয়াসুনোরি কাটসুমাতা।
শুক্রবার (২ মে) জেএমপিএল সূত্রে বিষয়টি জানা যায়। কাটসুমাতা গত বছরের আগস্ট মাসে বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানটির প্রধান প্রশাসনিক কর্মকর্তা হিসেবে যোগদান করেন।
জেএমপিএলের প্রধান নির্বাহী হিসেবে কাটসুমাতা জেএমপিএলের কমিশনিং প্রক্রিয়া সফল করতে কাজ করবেন। সেই সঙ্গে বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিতেও কাজ করবেন তিনি।
জেএমপিএল সূত্রে জানা গেছে, জ্বালানি খাতে গত ২০ বছর ধরে কাজ করে আসছেন কাটসুমাতা। এর আগে তিনি জেএমপিএলের গ্যাসচালিত বিদ্যুৎ কেন্দ্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নবায়নযোগ্য জ্বালানি খাতের অন্যতম প্রতিষ্ঠান জেরা আমেরিকাসের ব্যবস্থাপনা পরিচালক ও থাইল্যান্ডের ইলেকট্রিক জেনারেটিং কোম্পানি লিমিটেডের (ইজিসিও) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন কাটসুমাতা। এছাড়া মেকং এনার্জি লিমিটেডের পরিচালনা পর্ষদের সদস্যও ছিলেন তিনি। মেকং এনার্জি ভিয়েতনামে ফু মাই ২ দশমিক ২ বিদ্যুৎ কেন্দ্রের উন্নয়নের কাজ করেছে।
জেরা মেঘনাঘাট পাওয়ার লিমিটেড (জেএমপিএল) শতভাগ বিদেশী মালিকানাধীন জেরা কোম্পানির একটি প্রতিষ্ঠান। যেটি নারায়ণগঞ্জের মেঘনাঘাটে ৭১৮ মেগাওয়াট (নেট) গ্যাসচালিত কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ প্রকল্প তৈরি করেছে। বাংলাদেশের সবচেয়ে দক্ষ ও বৃহত্তম গ্যাসচালিত বিদ্যুৎ কেন্দ্রগুলোর অন্যতম ৭১৮ মেগাওয়াট জেরা মেঘনাঘাটের বিদ্যুৎ কেন্দ্র। বর্তমানে বিদ্যুৎ কেন্দ্রটি বাণিজ্যিক উৎপাদনের অপেক্ষায় রয়েছে।










