২৪ বছর পূর্তি উদযাপন করল শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি। সোমবার করপোরেট প্রধান কার্যালয়সহ ব্যাংকের সকল শাখা ও উপ-শাখায় এ উপলক্ষে কোরআন খতম ও দো’আ মাহফিলের আয়োজন করা হয়। এরপর প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে ২৪ বছর পূর্তি উদযাপন করা হয়। শাহজালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের পরিচালকরা মো. সানাউল্লাহ সাহিদ, খন্দকার শাকিব আহমেদ, ইঞ্জিনিয়ার মো. তৌহীদুর রহমান, স্বতন্ত্র পরিচালক মো. রিয়াজুল করিম উপস্থিত ছিলেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন। এ সময় ব্যাংকের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালকরা এম. এম. সাইফুল ইসলাম ও মোস্তফা হোসেন, ব্যাংকের এসইভিপি ও কোম্পানি সচিব মো. আবুল বাশার, ব্যাংকের সিএফও মো. জাফর ছাদেক, এফসিএ, স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের প্রধান তরিকুল ইসলাম এবং করপোরেট বিভাগের প্রধান মো. আমজাদ হোসেনসহ ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের অন্যান্য বিভাগের প্রধান ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের জেএভিপি ও জনসংযোগ বিভাগের ইনচার্জ কে. এম. হারুনুর রশীদ এবং অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ব্যাংকের শরীয়াহ্ ইন্সপেকশন অ্যান্ড কমপ্লাইয়েন্স বিভাগের প্রধান মাওলানা মো. ফরিদ উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ বলেন, দেশের কৃষি, অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য, শিল্প, অবকাঠামো থেকে শুরু করে সর্বক্ষেত্রে শাহজালাল ইসলামী ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। দেশের টেকসই উন্নয়ন ও সমৃদ্ধিতে গর্বিত অংশীদার হতে পেরে আমরা আনন্দিত। আমরা আশা করছি সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ বিনির্মাণে শাহজালাল ইসলামী ব্যাংকের অবদান আরো জোরালো ও সক্রিয় হবে।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ বলেন, শাহজালাল ইসলামী ব্যাংক প্রতিষ্ঠালগ্ন থেকে গ্রাহকদেরকে আন্তরিকভাবে সেবা প্রদান করে আসছে। শুরু থেকেই এই ব্যাংকের প্রতি গ্রাহকদের পূর্ণ আস্থা ও বিশ্বাস ছিল, যার ফলে এই স্বল্প সময়ে ব্যাংকটি একটি ভাল অবস্থানে উন্নীত হতে পেরেছে। ব্যাংকের এই সাফল্যের ধারা যাতে সবসময় অব্যাহত থাকে সেজন্য তিনি সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান। - বিজ্ঞপ্তি










