বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো সেনাপল্লী হাই স্কুলের গ্র্যান্ড রিইউনিয়ন ২০২৫। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হওয়া এ অনুষ্ঠানে মোট ৩৯টি ব্যাচের (১৯৮৬ থেকে ২০২৪) ১২শরও বেশি সাবেক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এ সময় তারা স্কুলজীবনের স্মৃতি রোমন্থন, বন্ধুদের সঙ্গে আড্ডা ও বিভিন্ন খুনসুটিতে মেতে ওঠেন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি ও এ স্কুলের সাবেক শিক্ষকরা উপস্থিত ছিলেন। রিইউনিয়নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ক্যান্টনমেন্টের স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুজ্জামান আশা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাপল্লী হাই স্কুলের বর্তমান প্রধান শিক্ষক মো. মোজাফফর হোসেন। শিক্ষার্থীদের ভবিষ্যত আকৃতি দানে এ স্কুলটি যে অপরিসীম ভূমিকা রেখেছে তাদের অনুপ্রেরণামূলক বক্তব্যে এ বিষয়টির ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
রিইউনিয়ন উপলক্ষে ‘স্মৃতির আরশিতে’ শীর্ষক একটি বিশেষ ম্যাগাজিন উন্মোচন করা হয়, যা সাবেক শিক্ষার্থীদের স্মৃতি রোমন্থনমূলক লেখা, সাবেকদের সাফল্যগাথা ও বর্তমান এবং সাবেক শিক্ষকদের বিভিন্ন স্মৃতিচারণামূলক লেখায় পরিপূর্ণ।
সেনাপল্লী হাই স্কুল পুনর্মিলনী ২০২৫ কমিটির কনভেনার মশিউর রহমান মামুন বলেন, ‘এ পুনর্মিলনী শুধুমাত্র পুরনো বন্ধুত্বকে পুনরুজ্জীবিত করেনি বরং এটি সেনাপল্লী স্কুলের সাবেক শিক্ষার্থীদের মাঝে একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করেছে। এ পুনর্মিলনীতে সবাই বিপুল উৎসাহ ও উদ্দীপনা নিয়ে অংশগ্রহণ করেছে, যা নিঃসন্দেহে মাইলফলক হয়ে থাকবে বলে আমি মনে করি।’
উল্লেখ্য, স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব সেনাপল্লী হাই স্কুল (এসএএসএস) এ গ্র্যান্ড রিইউনিয়নটি আয়োজন করেছে। —বিজ্ঞপ্তি









