ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার পরীক্ষা করে দেখছে মেটা মালিকানাধীন সোশ্যাল প্লাটফর্ম থ্রেডস। ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা দীর্ঘ ফরম্যাটের লেখা পোস্ট করতে পারবেন। টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, একাধিক ছোট পোস্টের থ্রেড তৈরি না করে থ্রেডসের নতুন ফিচারে একটি একক ব্লকে বিস্তারিত ভাবনা, লেখা বা অন্যান্য বিষয় সহজে প্রকাশ করা যাবে।
অ্যাপ গবেষক রাদু অনসেস্কু আইওএস প্লাটফর্মে নতুন ‘টেক্সট অ্যাটাচমেন্ট’ ফিচারটি প্রথম দেখতে পান এবং এর একটি স্ক্রিনশট শেয়ার করেন। ফিচারের বর্ণনা অনুযায়ী, এটি ব্যবহারকারীদের আরো গভীর চিন্তা, খবরের অংশ, বইয়ের নির্বাচিত অংশসহ আগের চেয়ে বিস্তৃত পরিসরে অনেক কিছু স্টাইলিং টুল ব্যবহার করে শেয়ার করার সুযোগ দেবে।
বিশ্লেষকদের মতে, দীর্ঘ ফরম্যাটের কনটেন্ট শেয়ারের এ সুবিধা থ্রেডসকে কনটেন্ট নির্মাতাদের কাছে আরো আকর্ষণীয় করে তুলবে। যেসব লেখক বা ক্রিয়েটররা সাধারণত তাদের নিজস্ব ব্লগ বা সাবস্ট্যাকের মতো নিউজলেটার প্লাটফর্মে দীর্ঘ লেখা প্রকাশ করেন, তারা এখন থ্রেডসেও সহজে তা ছড়িয়ে দিতে পারবেন। এতে দীর্ঘ লেখা পোস্ট করার জন্য স্ক্রিনশট শেয়ার করার মতো প্রচলিত পদ্ধতিগুলোর আর প্রয়োজন হবে না।
থ্রেডস ব্যবহারকারী রবার্ট পি. নিকসন ফিচারটি ব্যবহার করে একটি পোস্ট শেয়ার করেছেন। সেখানে দেখা যায়, দীর্ঘ লেখার একটি অংশ ধূসর বক্সে দেখানো হয়েছে, যাতে ক্লিক করে ব্যবহারকারীরা পুরো লেখাটি পড়তে পারছে।
থ্রেডসের প্রতিদ্বন্দ্বী এক্সেও ‘আর্টিকেলস’ নামে দীর্ঘ কনটেন্ট প্রকাশের সুবিধা রয়েছে। তবে তা কেবল প্রিমিয়াম সাবস্ক্রাইবারদের জন্য সীমাবদ্ধ। থ্রেডস আপাতত সবার জন্য এটি উন্মুক্ত রেখেছে, যদিও ভবিষ্যতে এর পরিবর্তন করা হতে পারে।
মেটা জানিয়েছে, তারা পর্যায়ক্রমে আরো বেশি ব্যবহারকারীর কাছে সুবিধাটি পৌঁছানোর পরিকল্পনা করছে।
দীর্ঘ লেখা প্রকাশের ফিচারটি ডিএম, কাস্টম ফিড, এআই এনহ্যান্সমেন্ট ও ফেডিভার্স ইন্টিগ্রেশনের মতো নতুন ফিচারগুলোর মধ্যে সর্বশেষ সংযোজন। সম্প্রতি থ্রেডসে মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৪০ কোটি ছাড়িয়েছে। আরো ব্যবহারকারী আকৃষ্ট করতে নতুন সুবিধা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা।










