ওপেনএআইয়ে ১০০ কোটি ডলার বিনিয়োগ করবে ওয়াল্ট ডিজনি। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভিডিও টুল সোরার জন্য ডিজনির স্টার ওয়ার্স, পিক্সার ও মার্ভেল ফ্র্যাঞ্চাইজির চরিত্র ব্যবহারের লাইসেন্স পাবে ওপেনএআই। সম্প্রতি তিন বছরের এ অংশীদারত্বের বিষয়ে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।
চুক্তির আওতায় আগামী বছরের শুরু থেকেই সোরার মাধ্যমে মিকি মাউস, সিন্ডারেলা ও মুফাসার মতো লাইসেন্সপ্রাপ্ত ডিজনি চরিত্র ব্যবহার করে ভিডিও তৈরি করা যাবে। তবে এতে কোনো শিল্পীর চেহারা বা কণ্ঠ ব্যবহার করা হবে না। ডিজনির পক্ষ থেকে জানানো হয়েছে, চরিত্রগুলো যেন অনুপযুক্ত বা বিতর্কিত পরিস্থিতিতে দেখানো না হয় সে জন্য সুরক্ষা ব্যবস্থাও থাকবে।
ডিজনির প্রধান নির্বাহী কর্মকর্তা বব আইগার বলেছেন, ‘ওপেনএআইয়ের সঙ্গে এ সহযোগিতার মাধ্যমে আমরা দায়িত্বশীলভাবে জেনারেটিভ এআই ব্যবহার করে আমাদের গল্প বলার পরিসর বাড়াতে চাই। একই সঙ্গে ক্রিয়েটর ও তাদের কাজের প্রতি সম্মান ও সুরক্ষা নিশ্চিত করব।’
চুক্তিটিকে হলিউডে জেনারেটিভ এআই প্রযুক্তি গ্রহণের একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। যদিও সৃজনশীল পেশায় কর্মসংস্থান ও মেধাস্বত্ব নিয়ে এআই সম্পর্কিত দীর্ঘদিনের উদ্বেগ এখনো পুরোপুরি কাটেনি। হলিউডের বিভিন্ন ইউনিয়ন চুক্তিটি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে।
ডিজনি ও ওপেনএআইয়ের মধ্যে জেনারেটিভ এআই সহযোগিতা নিয়ে আলোচনা শুরু হয়েছিল কয়েক বছর আগে। এ আলোচনায় ছিলেন বব আইগার ও ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান। তারা ডিজনির চরিত্র ও গল্প জেনারেটিভ এআইয়ের মাধ্যমে কীভাবে ব্যবহার করা যেতে পারে, তা নিয়ে কথা বলেন। চুক্তি চূড়ান্ত হওয়ার আগে ওপেনএআই ডিজনিকে সোরার ডেমো দেখিয়েছিল।










