চীনের কাছে এনভিডিয়ার তৈরি এইচ২০০ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ বিক্রির অনুমতি দেয়ার বিষয়টি বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। সংশ্লিষ্ট সূত্র বলছে, দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক হওয়ায় চীনে উন্নত মার্কিন প্রযুক্তি রফতানির সম্ভাবনা বেড়েছে। খবর রয়টার্স।
মার্কিন বাণিজ্য বিভাগ এ ধরনের উন্নত চিপ চীনে বিক্রির ওপর আগের নিষেধাজ্ঞা পরিবর্তনের বিষয়টি পর্যালোচনা করছে। তবে পরিকল্পনাটি পরিবর্তন হওয়ার সম্ভাবনাও আছে।
সংশ্লিষ্ট এক কর্মকর্তাকে এ বিষয়ে জানান, বৈশ্বিক প্রযুক্তি খাতে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব ধরে রাখা ও জাতীয় নিরাপত্তা রক্ষা করাই এখন প্রশাসনের মূল লক্ষ্য। তবে বাণিজ্য বিভাগ এ বিষয়ে মন্তব্য করার অনুরোধে সাড়া দেয়নি।
এনভিডিয়া সরাসরি কিছু না বললেও জানিয়েছে, বর্তমান নিয়মের কারণে তারা চীনে প্রতিযোগিতামূলক এআই ডাটা সেন্টার চিপ সরবরাহ করতে পারছে না। ফলে বিপুল এ বাজার দ্রুতবর্ধনশীল বিদেশী প্রতিদ্বন্দ্বীদের দখলে চলে যাচ্ছে।
গত মাসে বুসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দুই দেশের বাণিজ্য ও প্রযুক্তি বিবাদে বিরতি ঘোষণা করেন। এর পরই চীনের প্রতি যুক্তরাষ্ট্রের আরো বন্ধুত্বপূর্ণ অবস্থানের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
তবে ওয়াশিংটনের নীতিনির্ধারকরা উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, আরো উন্নত এআই চিপ চীনে পাঠানো হলে বেইজিংয়ের সামরিক সক্ষমতা বৃদ্ধি পেতে পারে। এমন আশঙ্কার কারণেই আগের প্রশাসন এ রফতানিতে সীমা নির্ধারণ করেছিল।
এনভিডিয়া জানিয়েছে, এইচ২০০ চিপটি আরো দুই\বছর আগেই বাজারে আসে। এতে উচ্চগতির মেমোরি বেশি থাকায় পূর্বসূরি এইচ১০০-এর তুলনায় দ্রুত তথ্য প্রক্রিয়াকরণ সম্ভব। ধারণা করা হয়, এইচ২০০ চিপ এনভিডিয়ার বর্তমানে চীনে বৈধভাবে পাঠানো এইচ২০ চিপের তুলনায় প্রায় দ্বিগুণ শক্তিশালী। এইচ২০ হলো ট্রাম্প প্রশাসনের স্বল্পমেয়াদি নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর অনুমোদিত সবচেয়ে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা সেমিকন্ডাক্টর।
এদিকে কমার্স ডিপার্টমেন্ট এ সপ্তাহে জানিয়েছে, সৌদি আরবের হুমাইন ও সংযুক্ত আরব আমিরাতের জি৪২ কে এনভিডিয়ার পরবর্তী প্রজন্মের ব্ল্যাকওয়েল চিপের সমমানের ৭০ হাজার উন্নত চিপ রফতানির অনুমতি দেয়া হয়েছে।










