পোস্ট বা রিলে ব্যবহার করা হ্যাশট্যাগের সংখ্যা সীমিত থাকবে বলে ঘোষণা দিয়েছে ইনস্টাগ্রাম। মেটা মালিকানাধীন প্লাটফর্মটি গত শুক্রবার জানায়, এখন থেকে কম ও প্রাসঙ্গিক হ্যাশট্যাগ ব্যবহার করলে সঠিক দর্শকের কাছে কনটেন্ট পৌঁছানো সহজ হবে। সেই সঙ্গে এর ফলাফলও হবে উন্নত। খবর গ্যাজেটস থ্রিসিক্সটি।
ইনস্টাগ্রাম বলছে, নতুন নিয়মের মূল উদ্দেশ্য হলো হ্যাশট্যাগের সুবিধা ভুলভাবে ব্যবহার করে কৃত্রিমভাবে দর্শক বা ভিউ বাড়ানো প্রতিরোধ করা।
হ্যাশট্যাগ ফিচারটি ২০১১ সালে চালু হয় ইনস্টাগ্রামে। এর পরই এটি জনপ্রিয় হতে শুরু করে। কারণ কনটেন্ট খুঁজে পেতে ও রিচ বাড়াতে সাহায্য করে এ হ্যাশট্যাগ। প্রযুক্তি জায়ান্টের মতে, হ্যাশট্যাগ ব্যবহার করলে ব্যবহারকারীর পোস্ট নির্দিষ্ট দর্শকের কাছে পৌঁছানোর সম্ভাবনা বেড়ে যায়। আগে ব্যবহারকারীরা প্রতিটি পোস্টে সর্বোচ্চ ৩০টি হ্যাশট্যাগ যোগ করতে পারতেন, কিন্তু এখন এ নিয়ম পরিবর্তন করা হচ্ছে।
ক্রিয়েটরস অ্যাকাউন্টের মাধ্যমে ইনস্টাগ্রাম বলেছে, ‘আজ থেকে প্রতিটি রিলে বা পোস্টে সর্বোচ্চ পাঁচটি হ্যাশট্যাগ ব্যবহার করা যাবে।’
ক্রিয়েটররা শুধু নিজেদের কনটেন্টের সঙ্গে প্রাসঙ্গিক হ্যাশট্যাগ ব্যবহার করবে বলে প্রত্যাশা ইনস্টাগ্রামের। উদাহরণ হিসেবে বলা হয়েছে, বিউটি ক্রিয়েটররা বিউটি সম্পর্কিত হ্যাশট্যাগ ব্যবহার করলে সে বিষয়ে আগ্রহী ব্যবহারকারীদের কাছে পৌঁছানো সহজ হয়।
ইনস্টাগ্রাম আরো বলছে, #reels বা #explore-এর মতো সাধারণ হ্যাশট্যাগ অনেকেই ব্যবহার করে। কিন্তু এগুলো পোস্টকে এক্সপ্লোর ফিড বা অন্যান্য কোথাও বেশি দেখাতে সাহায্য করে না। উল্টো, এগুলো পোস্টের রিচকে ক্ষতিগ্রস্ত করতে পারে।










