২০২৬ সালের জন্য নতুন অডিও পণ্যের তালিকা প্রকাশ করেছে টেক জায়ান্ট স্যামসাং। ডিভাইসগুলো আগামী মাসে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিতব্য সিইএস ২০২৬-এ প্রদর্শন করা হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং উন্নত সংযোগ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে তৈরি এ লাইনআপে রয়েছে নতুন সাউন্ডবার এবং মিউজিক স্টুডিও স্পিকার। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।

দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিকস জায়ান্টটি জানিয়েছে, পরবর্তী প্রজন্মের সাউন্ডবার ও ওয়াই-ফাই স্পিকারগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে, যা ব্যবহারকারীকে আরো গভীর এবং বাস্তবধর্মী শব্দের অভিজ্ঞতা দেবে।

প্রতিষ্ঠানটির মতে, এসব ডিভাইসে শব্দের স্বচ্ছতা বা ‘ক্লিন এক্সপ্রেশন’ নিশ্চিত করা হয়েছে। ফলে সূক্ষ্মতম শব্দও অত্যন্ত স্পষ্টভাবে শোনা যায়। এছাড়া একাধিক ডিভাইসকে একত্রে সংযুক্ত করে সেগুলোর কর্মক্ষমতা আরো উন্নত করার ওপর বিশেষ জোর দেয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের নেভাডা অঙ্গরাজ্যের লাস ভেগাসে আগামী ৬ জানুয়ারি বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি মেলা সিইএস ২০২৬ শুরু হবে, যা চলবে ৯ জানুয়ারি পর্যন্ত।

স্যামসাং ইলেকট্রনিকসের ভিজুয়াল ডিসপ্লে বিজনেসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হুন লি এক বিবৃতিতে বলেন, ‘এক দশকেরও বেশি সময় ধরে স্যামসাং উন্নত শব্দবিজ্ঞান, বুদ্ধিমান ফিচার ও চমৎকার ডিজাইনের মাধ্যমে হোম অডিওর বাজারকে ত্বরান্বিত করেছে। আমরা সে ধারাবাহিকতা বজায় রেখেই পরবর্তী প্রজন্মের অডিও ডিভাইসগুলো তৈরি করেছি, যা যেকোনো পরিবেশে এবং যেকোনো মুহূর্তে অত্যন্ত সমৃদ্ধ ও প্রাণবন্ত শব্দের অভিজ্ঞতা দেবে।’

স্যামসাংয়ের কিউ-সিরিজ সাউন্ডবার লাইনআপে দুটি নতুন মডেল যুক্ত হয়েছে। এগুলো হলো ফ্ল্যাগশিপ মডেল এইচডব্লিউ-কিউ৯৯০এইচ ও একটি নতুন ‘অল-ইন-ওয়ান’ সাউন্ডবার।