যুক্তরাষ্ট্রে ব্যাপক চাহিদা ও সীমিত সরবরাহের কারণে রে-ব্যান ডিসপ্লে স্মার্ট গ্লাসের বা চশমার আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ আপাতত স্থগিত করেছে মেটা। প্রতিষ্ঠান জানায়, নতুন দেশে সরবরাহের আগে তারা যুক্তরাষ্ট্রের অর্ডার পূরণে অগ্রাধিকার দেবে। খবর রয়টার্স।
মেটা জানিয়েছে, চলতি বছরের শুরুতে যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি ও কানাডার বাজারে চশমাটি আনার পরিকল্পনা ছিল। তবে চাহিদা অনেক বেশি হওয়ায় এবং সরবরাহ সীমিত থাকায় সে পরিকল্পনা স্থগিত হয়েছে।
এক ব্লগ পোস্টে মেটা জানায়, গত বছরের শেষ দিকে পণ্যটি বাজারে আসার পর থেকেই গ্রাহকদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। এতে অপেক্ষমাণ ক্রেতাদের তালিকা ২০২৬ সাল পর্যন্ত গড়িয়েছে। তাই আন্তর্জাতিক বাজারে সরবরাহ নিয়ে নতুন করে পরিকল্পনা করতে সময় প্রয়োজন বলে জানিয়েছে মেটা।
রে-ব্যান মেটা ডিসপ্লে চশমাটি বিশ্বখ্যাত চশমা নির্মাতা প্রতিষ্ঠান এসিলরলুক্সোটিকা ও মেটার যৌথ উদ্যোগে তৈরি। এর মাধ্যমে ছবি তোলা, লাইভ ভিডিও স্ট্রিমিং এবং ভয়েজ কমান্ডে এআই অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করা সম্ভব। এসিলরলুক্সোটিকা আগেই জানিয়েছিল, চাহিদা পূরণের জন্য উৎপাদন বাড়ানো হচ্ছে।
আইডিসি ইএমইএর তথ্যানুযায়ী, বিক্রির প্রথম প্রান্তিকেই মেটা প্রায় ১৫ হাজার ইউনিট রে-ব্যান ডিসপ্লে চশমা বিক্রি করেছে। এতে প্রতিষ্ঠানটি স্মার্ট চশমার বাজারের ৬ শতাংশ হিস্যা দখলে সক্ষম হয়েছে।
এদিকে লাস ভেগাসে অনুষ্ঠিত কনজিউমার ইলেকট্রনিকস শোতে (সিইএস) মেটা চশমাটির জন্য নতুন কিছু ফিচারও ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে টেলিপ্রম্পটার সুবিধা, যেখানে ব্যবহারকারীদের কবজিতে পরা নিউরাল ব্যান্ড দিয়ে নোট পড়া ও স্ক্রল করা যাবে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের আরো চারটি শহরে পথচারী নেভিগেশন সুবিধা চালু করা হচ্ছে। তবে আন্তর্জাতিক বাজারে চশমাটি কবে পাওয়া যাবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কিছু জানায়নি মেটা।










