বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রতিযোগিতা যখন তীব্র হচ্ছে, তখন গুগলের জেমিনি এআই-সমর্থিত মোবাইল ডিভাইসের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ানোর ঘোষণা দিয়েছে স্যামসাং ইলেকট্রনিকস। দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্টটি ২০২৬ সালের মধ্যে জেমিনি সমর্থিত ডিভাইসের সংখ্যা ৪০ কোটি থেকে বাড়িয়ে ৮০ কোটিতে উন্নীত করার পরিকল্পনা করেছে। খবর রয়টার্স।

সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে স্যামসাং ইলেকট্রনিকসের সহপ্রধান নির্বাহী টিএম রোহ বলেন, ‘প্রতিষ্ঠানটি যত দ্রুত সম্ভব সব ধরনের পণ্যসেবায় এআই প্রযুক্তি যুক্ত করতে যাচ্ছে। বর্তমানে স্যামসাংয়ের স্মার্টফোন ও ট্যাবলেটসহ বিভিন্ন ডিভাইসে গুগলের জেমিনিভিত্তিক এআই সুবিধা ব্যবহার হচ্ছে।’

অ্যান্ড্রয়েড প্লাটফর্মের সবচেয়ে বড় সহযোগী হিসেবে স্যামসাংয়ের এ উদ্যোগ গুগলের জন্যও বড় সুযোগ তৈরি করবে। কারণ এআই মডেল ব্যবহারের ক্ষেত্রে গুগল এখন ওপেনএআইসহ অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে তীব্র প্রতিযোগিতায় রয়েছে। জেমিনির ব্যবহার বাড়লে গুগলের এআই সেবার ব্যবহারকারীও বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

একই সঙ্গে স্মার্টফোন বাজারে অ্যাপল ও চীনা ব্র্যান্ডগুলোর সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে চায় স্যামসাং। শুধু মোবাইল ফোন নয়, টেলিভিশন ও গৃহস্থালি পণ্যেও সমন্বিত এআই সেবা দেয়ার মাধ্যমে নিজেদের অবস্থান আরো শক্ত করতে চায় প্রতিষ্ঠানটি।

টিএম রোহ জানান, এক বছরের ব্যবধানে স্যামসাংয়ের গ্যালাক্সি এআই ব্র্যান্ড সম্পর্কে ভোক্তাদের সচেতনতা ৩০ থেকে বেড়ে ৮০ শতাংশে পৌঁছেছে। তার মতে, বর্তমানে এআই প্রযুক্তি নিয়ে কিছু সংশয় থাকলেও আগামী ছয় মাস থেকে এক বছরের মধ্যে এসব প্রযুক্তি ব্যাপকভাবে ব্যবহার হবে। তবে স্যামসাং চ্যালেঞ্জের মুখেও রয়েছে। বৈশ্বিক মেমোরি চিপ সংকটে উৎপাদন খরচ বাড়ছে, যা স্মার্টফোনসহ অন্যান্য পণ্যের দামে প্রভাব ফেলতে পারে।