স্মার্টব্যান্ড ও স্মার্টওয়াচের স্বাস্থ্য ও ক্রীড়াসংক্রান্ত তথ্যের নির্ভুলতা বাড়াতে বড় পরিসরে গবেষণা কেন্দ্র গড়ে তুলেছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি। ‘স্পোর্টস অ্যান্ড হেলথ ল্যাব’ নামের এ গবেষণাগার পাঁচ হাজার বর্গমিটারের বেশি এলাকাজুড়ে বিস্তৃত। বাস্তব জীবনে ব্যবহারের উপযোগী পরিবেশ তৈরি করে পরিধানযোগ্য ডিভাইসের অ্যালগরিদম উন্নত করাই এ কেন্দ্রের মূল লক্ষ্য। খবর গিজচায়না।
শাওমির তথ্যানুযায়ী, গবেষণাগারটিতে ২৩টি ক্রীড়া পরীক্ষণ এলাকা ও ৪১ ধরনের পেশাদার ক্রীড়া সরঞ্জাম রয়েছে। পাশাপাশি চিকিৎসা ও বৈজ্ঞানিক গবেষণায় ব্যবহৃত ২৯টি স্বীকৃত মানের পরীক্ষণ ডিভাইসও সেখানে স্থাপন করা হয়েছে। এসব যন্ত্রের সাহায্যে বিভিন্ন ধরনের শারীরিক কর্মকাণ্ডের বিপুল পরিমাণ তথ্য সংগ্রহ করা হচ্ছে। সংগৃহীত এ তথ্যগুলো শাওমির স্মার্টব্যান্ড ও স্মার্টঘড়িতে ব্যবহৃত অ্যালগরিদম যাচাই ও পরিমার্জনে কাজে লাগানো হচ্ছে।
শাওমি জানিয়েছে, এ গবেষণাগার অ্যালগরিদম উন্নয়ন, প্রাথমিক প্রযুক্তি গবেষণা এবং বিশ্ববিদ্যালয় ও চিকিৎসা প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ গবেষণার কেন্দ্র হিসেবেও কাজ করবে। পরিকল্পিতভাবে সংগৃহীত তথ্য ব্যবহার করে ভোক্তা পর্যায়ের ডিভাইস ও পেশাদার স্বাস্থ্য পরীক্ষণ যন্ত্রের মধ্যকার ব্যবধান কমানোর লক্ষ্য রয়েছে।
এছাড়া গবেষণাগারের মাধ্যমে পরিমাপযোগ্য অগ্রগতির কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি। একাধিকবার পরীক্ষা ও উন্নয়নের পর ক্যালরি খরচের হিসাবের নির্ভুলতা বেড়েছে ১৭ শতাংশ। একই সঙ্গে হৃদযন্ত্রের সক্ষমতা মূল্যায়নের সূচক ভিওটু ম্যাক্স নির্ধারণের নির্ভুলতা বেড়েছে ১৫ শতাংশ।










