বিশ্বের জনপ্রিয় বেশ কিছু ওয়েবসাইট হঠাৎ করেই অচল হয়ে পড়েছে ক্লাউডফ্লেয়ারের প্রযুক্তিগত সমস্যার কারণে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স, চলচ্চিত্র পর্যালোচনাবিষয়ক সাইট লেটারবক্সডসহ অসংখ্য ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করলে ব্যবহারকারীরা একটি ত্রুটি বার্তা দেখতে পান, যেখানে বলা হয়- ‘ক্লাউডফ্লেয়ারের সমস্যার কারণে পেজটি লোড করা সম্ভব হয়নি’।
ইন্টারনেট অবকাঠামো হিসেবে কাজ করা ক্লাউডফ্লেয়ার সাইবার আক্রমণ প্রতিরোধ, উচ্চমাত্রার ট্রাফিক সামলানোসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা দিয়ে থাকে। তাদের সিস্টেমে সামান্য ত্রুটিও একাধিক ওয়েবসাইটে প্রভাব ফেলতে পারে।
এক বিবৃতিতে ক্লাউডফ্লেয়ার জানায়, 'ক্লাউডফ্লেয়ার একটি সমস্যা সম্পর্কে অবগত এবং এটি তদন্ত করছে, যা সম্ভাব্য একাধিক গ্রাহককে প্রভাবিত করেছে। আরো তথ্য পাওয়া গেলে বিস্তারিত জানানো হবে।'
ইন্টারনেট অবকাঠামো হিসেবে কাজ করা ক্লাউডফ্লেয়ার হ্যাকারদের আক্রমণ থেকে সাইটগুলোকে সুরক্ষা দেয় এবং অধিক ট্র্যাফিকেও প্ল্যাটফর্মগুলো অনলাইনে রাখতে সহায়তা করে। এ বিপর্যয়ে ডাউন ডিটেক্টর—যে সাইটটি বিভিন্ন প্ল্যাটফর্মের সমস্যার নজরদারি করে, সেটিও প্রযুক্তিগত জটিলতায় পড়ে।
কোম্পানিটি জানিয়েছে, সেবাগুলো ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। তবে 'সমস্যা সমাধান কার্যক্রম চলতে থাকায় গ্রাহকরা স্বাভাবিকের চেয়ে বেশি হারে সমস্যায় পড়তে পারেন।'










