দুই দফায় বিলম্বিত হওয়ার পর চলতি বছর মুক্তি পায় জনপ্রিয় অ্যাকশন-অ্যাডভেঞ্চার গেম অ্যাসাসিনস ক্রিড ফ্র্যাঞ্চাইজির পরবর্তী সংস্করণ অ্যাসাসিনস ক্রিড শ্যাডোজ। বাজারে গেমটির বিক্রি ইতিবাচক হলেও, ২০২৪-২৫ অর্থবছরে ফের লোকসানে পড়েছে নির্মাতা ইউবিসফট। আগের বছর বড় অংকের ক্ষতির পর এবার অ্যাসাসিনস ক্রিড শ্যাডোজের মাধ্যমে ভালো মুনাফার প্রত্যাশা ছিল প্রতিষ্ঠানটির।

জাপান টুডেতে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, কয়েকটি হতাশাজনক গেম রিলিজের কারণে ইউবিসফটের গত অর্থবছরের আয় আশানুরূপ হয়নি। কোম্পানিটি এ সময় আয় করেছে প্রায় ২০০ কোটি ইউরো, যা আগের বছরের তুলনায় ১৭ দশমিক ৫ শতাংশ কম। সেই সঙ্গে লোকসান হয়েছে প্রায় ১৬ কোটি ইউরো। ইউবিসফটের ভাষ্যানুযায়ী, খরচ ও অন্যান্য দিক মিলিয়ে কোম্পানির আয় বেশ কমেছে। গত ১২ মাসে বাজারে আসা ‘স্টার ওয়ার্স আউটলস’ প্রত্যাশিত বিক্রির পরিমাণ ছুঁতে পারেনি। অন্যদিকে ‘এক্সডিফায়ান্ট’ নামের মাল্টিপ্লেয়ার গেমটি পর্যাপ্ত খেলোয়াড়ের অভাবে বাতিল করতে হয়েছে।

ইউবিসফটের প্রধান নির্বাহী ইভ গিয়েমো এক বিবৃতিতে জানান, বছরটি ইউবিসফটের জন্য কঠিন গেছে, তবে পুরো গেমিং শিল্পই এ সময় ছিল তীব্র প্রতিযোগিতায়। এর মধ্যে নতুন গেম অ্যাসাসিনস ক্রিড শ্যাডোজ বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। তবু এটি কোম্পানিকে আর্থিক ক্ষতির হাত থেকে বাঁচাতে পারেনি।

গেমটি নভেম্বরেই মুক্তি দেয়ার পরিকল্পনা থাকলেও কিছু পরিমার্জনার জন্য তারিখ পিছিয়ে দেয়া হয়। তাই গত ৩১ মার্চ শেষ হওয়া অর্থবছরের আয়ে এ বিলম্বের কারণেই নেতিবাচক প্রভাব পড়েছে বলে ধারণা গেম-সংশ্লিষ্টদের। তবে গেমটির প্রতি খেলোয়াড়দের শক্তিশালী সাড়া সামনের দিনে চাপ অনেকটাই লাঘব করবে বলে প্রত্যাশা প্রতিষ্ঠানটির।