ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) সংস্কার ও সিন্ডিকেট প্রথা বন্ধসহ কয়েকটি দাবিতে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন মোবাইল ব্যবসায়ীরা। এর অংশ হিসেবে আজ থেকে সারা দেশের সব মোবাইল হ্যান্ডসেট বিক্রির দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। একই সঙ্গে দাবি আদায়ে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি কার্যালয় ঘেরাও কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটি।
এ কর্মসূচি সম্পর্কে সংগঠনটির সাধারণ সম্পাদক আবু সায়ীদ পিয়াস জানান, আজ সকাল থেকেই ব্যবসায়ীরা বিটিআরসি কার্যালয়ের সামনে অবস্থান নিতে শুরু করবেন। ব্যবসায়ীদের প্রধান দাবি—এনইআইআর ব্যবস্থা পুনর্বিবেচনা ও সংস্কার, সিন্ডিকেট প্রথা বাতিল এবং মোবাইল ফোন আমদানির সুযোগ উন্মুক্ত করা।
অভিযোগ করে তিনি বলেন, ‘এনইআইআর চালু হলে লাখো ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবেন, একটি বিশেষ গোষ্ঠী লাভবান হবে। সেই সঙ্গে অতিরিক্ত শুল্কের কারণে দাম বাড়বে মোবাইল ফোন সেটের।’
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, অনিবন্ধিত ও চুরি হওয়া ফোনের ব্যবহার বন্ধ করতে আগামী ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর চালু হওয়ার কথা। এর প্রতিবাদেই আন্দোলনে নেমেছেন মোবাইল ব্যবসায়ীরা। গত ৩০ নভেম্বরও কারওয়ান বাজার ও পান্থপথ এলাকায় দোকান বন্ধ রেখে মানববন্ধন করেছিলেন বিভিন্ন শপিংমলের মোবাইল ব্যবসায়ী ও কর্মচারীরা।










