প্রযুক্তিবিশ্বের জন্য ২০২৫ সাল ছিল নানা বিবর্তন ও নতুন নিয়মনীতির জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য। গত বছরের শুরুতেই চীনের ‘ডিপসিক’-এর মতো সাশ্রয়ী এআই মডেলের উত্থান যেমন আলোচনার জন্ম দিয়েছে, তেমনি বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এআই অবকাঠামো বা ডাটা সেন্টার নির্মাণে রেকর্ড পরিমাণ বিনিয়োগ করেছে। প্রথমবারের মতো তিন ভাঁজের ফোনের বাজারে প্রবেশ করেছে স্যামসাং। পাশাপাশি নিরাপত্তার খাতিরে অস্ট্রেলিয়ায় শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে আইনি নিষেধাজ্ঞার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও দেখা গেছে গত বছর। ২০২৫ সালের প্রযুক্তিবিশ্বের এমন কিছু আলোচিত সংবাদ ও ঘটনা নিয়ে আজকের এ প্রতিবেদন—

● ডিপসিক

২০২৫ সালের শুরুতে প্রযুক্তিবিশ্বে সবচেয়ে বড় চমক হিসেবে আবির্ভূত হয় ডিপসিক। চীনের এ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্টার্টআপ সিলিকন ভ্যালির একচেটিয়া আধিপত্যকে চ্যালেঞ্জ জানিয়ে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে চলে আসে। কোম্পানিটির দাবি অনুযায়ী, ডিপসিকের আর১ মডেলটি অন্যান্য প্রতিযোগীর তুলনায় অনেক কম খরচে তৈরি করা হয়েছে। তবে দ্রুত আকাশচুম্বী জনপ্রিয়তা পাওয়ার পাশাপাশি এআই স্টার্টআপটিকে বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছে। অস্ট্রেলিয়াসহ কিছু দেশে ‘নিরাপত্তার স্বার্থে’ চ্যাটবটটি নিষিদ্ধও করেছে সরকার।

● টিকটক

যুক্তরাষ্ট্রে টিকটকের জন্য ২০২৫ সালটি ছিল নাটকীয়তা, আইনি লড়াই এবং অনিশ্চয়তায় ঘেরা একটি বছর। ২০২৪ সালে পাস হওয়া মার্কিন আইন অনুযায়ী, টিকটকের মূল কোম্পানি বাইটড্যান্সকে ২০২৫ সালের ১৯ জানুয়ারির মধ্যে কোম্পানির মার্কিন কার্যক্রম কোনো আমেরিকান কোম্পানির কাছে বিক্রি করে দেয়ার সময়সীমা বেঁধে দেয়া হয়েছিল। বাইটড্যান্স এটি মানতে অস্বীকার করে এবং আদালতের দ্বারস্থ হয়। বছরজুড়ে এটি ছিল প্রযুক্তিজগতে আলোচনার কেন্দ্রবিন্দু। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার সময়সীমা পিছিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করেন।

● এআই ডাটা সেন্টারে বিনিয়োগ

২০২৫ সালে প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যমগুলোর প্রধান শিরোনামজুড়ে ছিল ‘এআই ডাটা সেন্টার’। মাইক্রোসফট, ওপেনএআই, এনভিডিয়া, ওরাকল, গুগল ও মেটার মতো বড় প্রযুক্তি কোম্পানির জিপিইউ, ক্লাউড পরিষেবা ও বিশাল ডাটা সেন্টারে হাজার কোটি ডলার বিনিয়োগের খবর সামনে আসে বছরজুড়ে। একই সঙ্গে এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং জানান, চলতি দশকের শেষে বিশ্বব্যাপী এআই অবকাঠামো খাতে বিনিয়োগ হবে ৩-৪ ট্রিলিয়ন ডলার।

● ট্রাই-ফোল্ড ফোন

ফোল্ডেবল স্মার্টফোন বাজারের বড় পরিবর্তনের বছর ছিল ২০২৫ সাল। গত বছর স্যামসাং আনুষ্ঠানিকভাবে নিজেদের প্রথম তিন ভাঁজের বা ‘ট্রাই-ফোল্ড’ স্মার্টফোন গ্যালাক্সি জেড ট্রাইফোল্ড উন্মোচন করেছে। অন্যদিকে অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন উন্নয়ন ও তা নিয়ে পরীক্ষা-নিরীক্ষার বিষয়টিও আলোচনায় এসেছে বারবার। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, ২০২৬ সালের মধ্যে অ্যাপলের নতুন ধরনের ফোনটি বাজারে আসার সম্ভাবনা রয়েছে।

● অস্ট্রেলিয়ায় সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা

২০২৫ সালের ১০ ডিসেম্বর থেকে অস্ট্রেলিয়া বিশ্বের প্রথম দেশ হিসেবে ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারের ওপর আইনি নিষেধাজ্ঞা কার্যকর করেছে। নতুন এ নিয়মের ফলে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক এবং স্ন্যাপচ্যাটের মতো প্লাটফর্মগুলোয় শিশুদের অ্যাকাউন্ট রাখা বা নতুন অ্যাকাউন্ট খোলা নিষিদ্ধ করা হয়েছে। মূলত কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা এবং অনলাইনে হয়রানির পরিপ্রেক্ষিতে অস্ট্রেলীয় সরকার এ পদক্ষেপ নিয়েছে।

● চ্যাটজিপিটির বিরুদ্ধে মামলা

কপিরাইট বা মেধাস্বত্ব নিয়ে চ্যাটবটের আইনি লড়াই পুরনো বিষয়। কিন্তু চ্যাটজিপিটির বিরুদ্ধে সম্পূর্ণ ভিন্ন একটি অভিযোগ সামনে এসেছে ২০২৫ সালে। যুক্তরাষ্ট্রে চ্যাটজিপিটি নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের বিরুদ্ধে সাতটি পৃথক মামলা করা হয়েছে গত নভেম্বরে। এসব মামলায় বলা হয়েছে, চ্যাটজিপিটি ব্যবহারকারীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা এবং ক্ষতিকর ভুল ধারণা সৃষ্টি করেছে।

● জিটিএ সিক্সের মুক্তি পেছানো

গেমারদের দীর্ঘ এক যুগের প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২০২৫ সালে গ্র্যান্ড থেফট অটো (জিটিএ) সিক্স মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু বছরের মাঝামাঝি সময়ে মুক্তির তারিখ পিছিয়ে দেয়ার খবরটি গেম দুনিয়ায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। দুবার গেম প্রকাশের সময় পিছিয়ে এখন ২০২৬ সালের শেষের দিকে নির্ধারণ করেছে গেমটির নির্মাতা প্রতিষ্ঠান রকস্টার।

● যুক্তরাষ্ট্র-চীন দ্বন্দ্ব

সেমিকন্ডাক্টর বা উন্নত চিপ প্রযুক্তি এবং এআই খাতের আধিপত্য নিয়ে গত বছর দুই দেশের মধ্যকার ‘প্রযুক্তি বিবাদ’ তীব্রতর হতে দেখা গেছে। যুক্তরাষ্ট্র জাতীয় নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে চীনের কাছে উন্নত এআই চিপ রফতানির ওপর আরো কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় ছিল এনভিডিয়ার এইচ২০ ও এইচ২০০ চিপ।