ওপেনএআই শিগগিরই অন্যান্য অ্যাপে তাদের চ্যাটজিপিটি অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করার সুবিধা চালু করতে পারে। কোম্পানিটি সম্প্রতি প্রকাশিত একটি ওয়েবপেজে বিষয়টি জানিয়েছে। বর্তমানে ওপেনএআই ডেভেলপারদের কাছ থেকে পরিষেবাটি তাদের অ্যাপে একত্রিত করার বিষয়ে আগ্রহ যাচাই করছে। খবর টেকক্রাঞ্চ।
প্রতিবেদন অনুযায়ী, চ্যাটজিপিটি দ্রুত বিশ্বের অন্যতম বৃহত্তম ভোক্তা অ্যাপ্লিকেশন হয়ে উঠছে। বর্তমানে প্রায় ৬০ কোটি মাসিক সক্রিয় ব্যবহারকারী রয়েছে প্লাটফর্মটির। এ জনপ্রিয়তাকে কাজে লাগাতে ওপেনএআই অনলাইন কেনাকাটা, সোশ্যাল মিডিয়া এবং ব্যক্তিগত ডিভাইসগুলোর মতো অন্যান্য ভোক্তা ক্ষেত্রগুলোয় প্রসারিত হতে আগ্রহী হচ্ছে। সাইন ইন উইথ চ্যাটজিটিপি ফিচারটি চালু হলে অ্যাপল, গুগল ও মাইক্রোসফটের মতো টেক জায়ান্ট, যাদের নিজস্ব লগ ইন সিস্টেম আছে তাদের সঙ্গে প্রতিযোগিতা আরো সহজ হবে।
চলতি মাসের শুরুতে ওপেনএআই ডেভেলপারদের জন্য ওপেন সোর্স কোডিং টুল কোডেক্স সিএলআইতে সাইন ইন উইথ চ্যাটজিটিপি ফিচারের একটি প্রিভিউ চালু করে। ফিচারটি ডেভেলপারদের তাদের চ্যাটজিপিটি ফ্রি, প্লাস বা প্রো অ্যাকাউন্টগুলোকে তাদের এপিআই অ্যাকাউন্টগুলোর সঙ্গে সংযুক্ত করে দেয়। ওপেনএআই প্লাস ব্যবহারকারীদের চ্যাটজিপিটি দিয়ে সাইন ইন করার জন্য ৫ ডলার এপিআই ক্রেডিট এবং প্রো ব্যবহারকারীদের ৫০ ডলার এপিআই ক্রেডিট অফার করেছে।
ওপেনএআই বিভিন্ন কোম্পানির সঙ্গে এই সাইন-ইন পরিষেবাটি সংযুক্ত করতে চায়। কোম্পানিটির প্রধান নির্বাহী (সিইও) স্যাম অল্টম্যান ২০২৩ সালে বলেন, ‘কোম্পানি ভবিষ্যতে সাইন ইন উইথ ওপেনএআই ফিচার চালুর কথা ভাবছে। এখন দেখা যাচ্ছে, এ বছর তারা এ ফিচার নিয়ে আরো জোরালোভাবে কাজ শুরু করেছে। যদিও এখনো নিশ্চিত নয় এ ফিচার কবে নাগাদ সবার জন্য চালু হবে বা কতগুলো কোম্পানি এতে অংশ নিচ্ছে। তবে এ বিষয়ে টেকক্রাঞ্চের অনুরোধে কোনো মন্তব্য করেনি ওপেনএআই।










