শ্রমিকদের ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে মহাসড়ক অবরোধকে কেন্দ্র করে শ্রমিক-পুলিশের সংঘর্ষের পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিজিবি মোতায়েন করা হয়েছে। আগামী ৭ নভেম্বর পর্যন্ত সেখানে বিজিবি মোতায়েন থাকবে। আপাতত পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে, প্রয়োজনের তুলনায় প্লাটুনের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন।
তিনি জানান, রোববার থেকে গাজীপুরে বিজিবি মোতায়েন করা হয়েছে। এরই মধ্যে তারা চলে এসেছে। আপাতত পাঁচ প্লাটুন থাকার কথা। তবে আমরা শুধু বিজিবি মোতায়েনের কথা বলেছি, প্রয়োজনীয় সংখ্যক বিজিবি মোতায়েন থাকবে। তারা গাজীপুর কোনাবাড়ি, শফিপুর ও কালিয়াকৈরসহ আশপাশে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্প পুলিশের সঙ্গে কাজ করবে।
এর আগে শনিবার (৩১ অক্টোবর) দুপুর আড়াইটা থেকে শ্রমিকদের অবরোধের ফলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। যেকোনো পরিস্থিতি এড়াতে ওই এলাকার অন্তত ২০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। এসময় দায়িত্ব পালনে গিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় শ্রমিকদের।
দুপুরে গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন ইন্টারস্টপ কারখানার শ্রমিকরা। পরে আরও আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকরা বিক্ষোভে অংশ নেন। বিক্ষোভ থেকে শ্রমিকদের ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবি জানানো হয়। এতে মহাসড়কে পুরোপুরি যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েন যাত্রীসহ চালকরা। তৈরি হয় দীর্ঘ যানজট।










