গ্রুপ চ্যাটকে আরো গোছানো, আকর্ষণীয় ও গুরুত্বপূর্ণ সময়ে নজরে আনার জন্য একাধিক নতুন ফিচার এনেছে হোয়াটসঅ্যাপ। অনুষ্ঠান পরিকল্পনা, বিভিন্ন কমিউনিটি পরিচালনা এবং একাধিক ডিভাইসে যোগাযোগ রাখতে বেশির ভাগ ব্যবহারকারী গ্রুপ মেসেজের ওপর নির্ভর করেন। এসব প্রয়োজনের কথা মাথায় রেখে এখন গ্রুপ চ্যাটে ব্যবহারকারীদের যোগাযোগের অভিজ্ঞতা আরো উন্নত করা হচ্ছে বলে জানিয়েছে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্লাটফর্মটি। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, নতুন হালনাগাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার হলো মেম্বার ট্যাগ। ব্যস্ত গ্রুপ চ্যাটে কারো পরিচয় বা ভূমিকা বোঝা সহজ করবে ফিচারটি। এর মাধ্যমে ব্যবহারকারীরা নির্দিষ্ট কোনো গ্রুপে নিজেদের ভূমিকা অনুযায়ী আলাদা লেবেল যোগ করতে পারবেন। যেমন স্কুলের গ্রুপে কেউ হতে পারেন ‘ইংরেজি শিক্ষক’, হাউজিং সোসাইটি গ্রুপে ‘কোষাধ্যক্ষ’, কিংবা ফুটবল খেলোয়াড়দের গ্রুপে ‘গোলকিপার’। ফিচারটি ধাপে ধাপে বিশ্বজুড়ে ব্যবহারকারীদের জন্য চালু করা হবে বলে জানিয়েছে মেটা মালিকানাধীন প্লাটফর্মটি।

এদিকে ব্যবহারকারীদের নিজস্ব ভাব প্রকাশের সুযোগ বাড়াচ্ছে আরেকটি আপডেট। টেক্সট স্টিকার ফিচারের মাধ্যমে স্টিকার সার্চে যেকোনো শব্দ বা বাক্য লিখলেই তা স্টিকারে রূপান্তর করা যাবে। পাশাপাশি এগুলো সরাসরি ব্যবহারকারীর স্টিকার প্যাকে সংরক্ষণ করা যাবে। ফলে ইমোজি বা জিআইএফের ওপর পুরোপুরি নির্ভর না করেও নিজের মতো করে বার্তা প্রকাশ করা সহজ হবে।

হোয়াটসঅ্যাপে গ্রুপভিত্তিক পরিকল্পনায়ও নতুন একটি আপডেট আসছে। ‘কাস্টম ইভেন্ট রিমাইন্ডার’ সুবিধার মাধ্যমে এখন গ্রুপ চ্যাটের ভেতর ইভেন্ট তৈরির সময় আগেভাগেই নোটিফিকেশন সেট করা যাবে। ফলে ফোনকল মিস হওয়া, দেরিতে পৌঁছার বা পরিকল্পনা ভুলে যাওয়ার ঘটনা কমবে বলে আশা করছে হোয়াটসঅ্যাপ।

মেটার সাম্প্রতিক তথ্যানুযায়ী, বর্তমানে প্লাটফর্মটিতে যুক্ত আছেন ২৯৫ কোটি ব্যবহারকারী। গত এক দশকে ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে ৩ হাজার ৫০০ শতাংশের বেশি। এ প্রবৃদ্ধি পর্যালোচনা করে প্রযুক্তিবিদরা ধারণা করছেন, ২০২৫ সাল শেষে প্লাটফর্মটির ব্যবহারকারীর সংখ্যা ৩১৪ কোটিতে দাঁড়িয়েছে।