হ্যান্ডহেল্ড গেমিং ডিভাইসের বাজারে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে ইন্টেল। নতুন একটি চিপের পাশাপাশি হার্ডওয়্যার ও সফটওয়্যার মিলিয়ে আলাদা একটি পূর্ণাঙ্গ গেমিং প্লাটফর্ম তৈরির ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। চলতি বছরের ভোক্তা প্রযুক্তি প্রদর্শনীতে এ পরিকল্পনার কথা জানানো হয়েছে। খবর টেকক্রাঞ্চ।
ইন্টেলের নতুন এ প্লাটফর্ম তৈরি করা হচ্ছে কোম্পানির কোর সিরিজ থ্রি প্রসেসরের ওপর ভিত্তি করে। এ প্রসেসর সিরিজটি প্যান্থার লেক নামে পরিচিত। গত বছরই এ সিরিজের ঘোষণা দেয়া হয় এবং বর্তমানে ধাপে ধাপে বিভিন্ন ব্যক্তিগত কম্পিউটারে ব্যবহার শুরু হয়েছে।
নতুন প্লাটফর্মের আওতায় হ্যান্ডহেল্ড গেমিং ডিভাইসের জন্য বিশেষভাবে নকশা করা একটি আলাদা চিপও থাকবে। ইন্টেল জানিয়েছে, ছোট আকারের গেমিং ডিভাইসে শক্তিশালী পারফরম্যান্স নিশ্চিত করতেই এ চিপ তৈরি করা হচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, এ প্যানথার লেক চিপগুলো ইন্টেলের নিজস্ব ১৮-এ উৎপাদন প্রক্রিয়ায় তৈরি প্রথম চিপ, যার উৎপাদন মূলত শুরু হয়েছিল ২০২৫ সালে।
গেমিং খাতে ইন্টেলের অভিজ্ঞতা নতুন নয়। নব্বইয়ের দশক থেকেই গেমিং পিসির জন্য চিপ তৈরি করে আসছে প্রতিষ্ঠানটি। ২০২২ সালে ইন্টেল আর্ক গ্রাফিকস প্রসেসর উন্মোচনের মাধ্যমে গেমিং বাজারে কোম্পানিটির উপস্থিতি আরো জোরালো হয়।
তবে বিশ্লেষকদের মতে, হ্যান্ডহেল্ড গেমিং ডিভাইসের বাজারে প্রবেশ ইন্টেলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। কারণ বর্তমানে এ বাজারে সবচেয়ে শক্ত অবস্থানে রয়েছে এএমডি। সাম্প্রতিক প্রযুক্তি প্রদর্শনীতে এএমডি গেমিং ব্যক্তিগত কম্পিউটারের জন্য নতুন প্রসেসর ও উন্নত গ্রাফিকস প্রযুক্তির ঘোষণা দিয়েছে।
ইন্টেল জানিয়েছে, হ্যান্ডহেল্ড গেমিং ডিভাইসের জন্য নতুন চিপ ও প্লাটফর্ম নিয়ে বিস্তারিত তথ্য চলতি বছরের পরবর্তী সময়ে প্রকাশ করা হবে।










