প্রথমবারের মতো হার্ডওয়্যারের জগতে প্রবেশ করতে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ওপেনএআই। ছোট আকারের, স্ক্রিনবিহীন ও আইপড শাফলের মতো দেখতে ক্যামেরাযুক্ত ডিভাইসটি ডিজাইন করছেন অ্যাপলের সাবেক প্রধান ডিজাইনার জনি আইভ। খবর ইন্ডিয়া টুডে।

বিশ্লেষক মিং-চি কুও জানিয়েছেন, প্রতিষ্ঠানটির প্রথম এআই ডিভাইস ২০২৭ সাল থেকে ব্যাপকভাবে উৎপাদন শুরু করবে।

তিনি বলেন, এ ডিভাইস তৈরির পেছনে অন্যতম প্রধান অনুপ্রেরণা ছিল ওপেনএআইয়ের ৬ দশমিক ৫ বিলিয়ন ডলার বিনিয়োগে জনি আইভের প্রতিষ্ঠান ‘আইও’ অধিগ্রহণ করা। এ প্রকল্পকে ওপেনএআই তাদের সবচেয়ে বড় কাজ হিসেবে দেখছে।

প্রাথমিক ধারণা অনুযায়ী, ডিভাইসটি হিউম্যান এআই পিনের চেয়ে কিছুটা বড় হলেও বহনযোগ্যতা ও হালকাপনার দিক থেকে আইপড শাফলের মতোই হবে। এতে কোনো স্ক্রিন থাকবে না। এর পরিবর্তে থাকবে ক্যামেরা ও মাইক্রোফোন, যা আশপাশের পরিবেশ বিশ্লেষণ করে ব্যবহারকারীর সঙ্গে যোগাযোগ করবে। এটি গলায় ঝুলিয়ে ব্যবহার করার উপযোগী করে তৈরি করা হবে। স্মার্টফোন ও কম্পিউটারের সঙ্গে সংযুক্ত থেকে ডাটা ও প্রসেসিং করবে ডিভাইসটি।

প্রতিবেদন অনুযায়ী, উৎপাদনের জন্য ওপেনএআই চীনকে এড়িয়ে ভিয়েতনামকে বেছে নিচ্ছে, যাতে ভবিষ্যতে কোনো ভূরাজনৈতিক ঝুঁকির সম্মুখীন না হতে হয়। ২০২৩ সালে জনি আইভ ও ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান যৌথভাবে আইওতে ২৩ শতাংশ বিনিয়োগ করেন। তখন থেকেই এ নতুন এআই-নির্ভর ডিভাইস নিয়ে আলোচনা শুরু হয়।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, অল্টম্যান বিশ্বাস করেন, এ ডিভাইসের মাধ্যমেই ওপেনএআইয়ের বাজারমূল্য ১ ট্রিলিয়ন ডলার পর্যন্ত বাড়তে পারে। প্রতিষ্ঠানটি শুরুতেই ১০ কোটি ইউনিট বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

ওপেনএআই জানিয়েছে, এ ডিভাইসের মাধ্যমে মানুষের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার সম্পর্ক নতুনভাবে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে।