প্রযুক্তি জায়ান্ট গুগল ২ দশমিক ৫ বিলিয়ন বা ২৫০ কোটি জিমেইল ব্যবহারকারীর কাছে জরুরি সতর্কবার্তা পাঠিয়েছে। ব্যবহারকারীদের এখনই নিজস্ব অ্যাকাউন্টের নিরাপত্তা শক্তিশালী করার লক্ষ্যে পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে বলে জানিয়েছে কোম্পানিটি। গুগলের সেলসফোর্স ক্লাউড প্লাটফর্মের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কারণে সতর্কবার্তাটি এসেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, চুরি হওয়া তথ্য ফিশিং ও ভিশিং হামলার ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। খবর গালফ নিউজ।
গুগল জানিয়েছে, কোনো জিমেইল পাসওয়ার্ড বা মূল সিস্টেম সরাসরি ক্ষতিগ্রস্ত হয়নি। তবে এ হামলায় পরিচিত হ্যাকিং গ্রুপ শাইনি হান্টার্সের সম্পর্ক আছে বলে ধারণা করা হচ্ছে। এ হামলার ফলে ব্যবসায়িক ই-মেইল ঠিকানা ও যোগাযোগের তথ্য ফাঁস হয়েছে। ছোট তথ্যও ব্যবহার করে ব্যবহারকারীদের ফাঁদে ফেলা যেতে পারে।
প্রতিবেদন অনুযায়ী, জুনে প্রথম অননুমোদিত অ্যাকসেসের লক্ষণ দেখা দেয়। হামলাকারীরা আইটি সাপোর্টের ছদ্মবেশ ধারণ করে একটি সেলসফোর্স কর্মীকে ম্যালওয়্যার ইনস্টল করতে প্ররোচিত করে। আগস্টে গুগল নিশ্চিত করে যে একাধিক সফল অনুপ্রবেশ হয়েছে এবং ৮ আগস্ট ক্ষতিগ্রস্ত ব্যবহারকারীদের জানানো শুরু করে।
এ হুমকির পরিপ্রেক্ষিতে গুগল ব্যবহারকারীদের দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে। তারা পাসওয়ার্ড পরিবর্তন করতে, দুই-ধাপের যাচাইকরণ (2FA) বা পাসকি ব্যবহার করতে এবং অতিরিক্ত নিরাপত্তার জন্য গুগলের অ্যাডভান্সড প্রটেকশন প্রোগ্রামে অংশ নিতে পরামর্শ দিচ্ছে। ব্যবহারকারীরা তাদের সংযুক্ত ডিভাইস ও অ্যাপ পারমিশন পর্যালোচনার জন্য সিকিউরিটি চেকআপ চালানোরও নির্দেশ পেয়েছেন।
এ ঘটনা গুগলের ইতিহাসে অন্যতম বৃহত্তম নিরাপত্তা সতর্কতা হিসেবে বিবেচিত হচ্ছে। মূল সিস্টেম নিরাপদ থাকার পরও সংযুক্ত ডিজিটাল সিস্টেমগুলো কতটা ঝুঁকি বাড়াতে পারে, তা এ ঘটনা থেকে প্রতীয়মান।
বিশেষজ্ঞরা বলছেন, ব্যবহারকারীদের সতর্ক থাকা ও প্রতিরোধমূলক পদক্ষেপ নেয়া জরুরি। গুগলের সতর্কবার্তা মনে করিয়ে দিচ্ছে যে অনলাইন নিরাপত্তার ক্ষেত্রে নিয়মিত নজরদারি ও নিরাপত্তা শক্তিশালী করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।










