মাইক্রোসফটকে পেছনে ফেলে আবারো বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানির জায়গা করে নিয়েছে এনভিডিয়া। মঙ্গলবার প্রতিষ্ঠানটির শেয়ারদর প্রায় ৩ শতাংশ বেড়ে দাঁড়ায় ১৪১ দশমিক ৪০ ডলারে। এছাড়া গত এক মাসে প্রতিষ্ঠানের শেয়ারমূল্য প্রায় ২৪ শতাংশ বেড়েছে। খবর সিএনবিসি

প্রতিবেদন বলছে, রফতানি নিয়ন্ত্রণ ও শুল্ক নিয়ে উদ্বেগ থাকলেও কোম্পানিটির প্রবৃদ্ধি থেমে নেই। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চিপ তৈরির দিক থেকে শীর্ষে থাকায় গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ) নির্মাতা এনভিডিয়ার চাহিদা বাজারে এখন তুঙ্গে।

কোম্পানিটির বর্তমান বাজারমূল্য ৩ দশমিক ৪৫ ট্রিলিয়ন ডলার (৩ লাখ ৪৫ হাজার কোটি), যা মাইক্রোসফটের ৩ দশমিক ৪৪ ট্রিলিয়ন ডলারের চেয়ে সামান্য বেশি।

গত বছরের জুন থেকে এনভিডিয়া, অ্যাপল ও মাইক্রোসফট পর্যাক্রমে বাজারমূল্যের শীর্ষে অবস্থান করছে। এর আগে ২৪ জানুয়ারি সর্বশেষ এনভিডিয়া বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানির অবস্থানে ছিল।

বাজার বিশেষজ্ঞরা বলছেন, এনভিডিয়ার এ দুর্দান্ত প্রবৃদ্ধির পেছনে রয়েছে তাদের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ। ওপেনএআইসহ অনেক প্রতিষ্ঠান চ্যাটজিপিটির মতো সফটওয়্যার তৈরি করতে এনভিডিয়ার চিপ ব্যবহার করছে। মাইক্রোসফট, মেটা, গুগল, অ্যামাজন, ওরাকল ও এক্সএআইয়ের মতো বড় প্রযুক্তি কোম্পানিগুলো বিশাল পরিমাণে এনভিডিয়ার চিপ কিনছে। কারণ এসব কোম্পানি উন্নত এআই প্রকল্পের জন্য শক্তিশালী কম্পিউটার সিস্টেম তৈরি করছে।

১৯৯৩ সালে এনভিডিয়া প্রতিষ্ঠিত হয় মূলত থ্রিডি গেমের জন্য চিপ তৈরির লক্ষ্যে। তবে সাম্প্রতিক বছরগুলোয় গবেষকরা আবিষ্কার করেন, গ্রাফিকস রেন্ডার প্রক্রিয়ার (মূল ডাটা থেকে ছবি, অ্যানিমেশন বা ভিজ্যুয়াল তৈরি করা) জন্য ব্যবহৃত এসব চিপ এআইয়ের জন্যও দুর্দান্ত। কারণ এগুলো একসঙ্গে অনেক কাজ করতে পারে, যা এআই প্রযুক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।