এক দশকেরও বেশি সময় ধরে অ্যাপলের নেতৃত্বে থাকা সিইও টিম কুক তার পদ ছাড়তে পারেন বলে গত কয়েক সপ্তাহ গুঞ্জন চলছিল। এবার বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে, টিম কুক অ্যাপলের শীর্ষ কর্মকর্তাদের জানিয়েছেন, তিনি শিগগিরই সিইও পদ থেকে সরে দাঁড়াবেন। খবর ইন্ডিয়া টুডে।

তবে কুক পুরোপুরি অ্যাপল ছেড়ে যাচ্ছেন না, বরং কোম্পানির ভেতরই একটি নতুন দায়িত্ব নেবেন বলে জানা গেছে। একই সঙ্গে প্রতিবেদনে দাবি করা হয়েছে, টিম কুকের সম্ভাব্য উত্তরসূরিও এর মধ্যে চূড়ান্ত বিবেচনায় রয়েছে।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক পদ থেকে সরে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছেন। তিনি কাজের চাপ কমাতে চান বলে কোম্পানির শীর্ষ নেতাদের জানিয়েছেন। আগামী মাসে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে আশা প্রকাশ করা হয়েছে প্রতিবেদনে।

২০১১ সাল থেকে অ্যাপলের নেতৃত্ব দিয়ে আসছেন টিম কুক। তার সিইও হিসেবে দায়িত্ব পালনকালে অ্যাপলের বাজারমূল্য ৩৫০ বিলিয়ন ডলার থেকে বেড়ে ৪ ট্রিলিয়নের বেশি ডলারে উন্নিত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে ৬৫ বছর বয়সী কুক সিইও পদ ছাড়লেও অ্যাপলের বোর্ড চেয়ারম্যান হিসেবে কোম্পানির সঙ্গে যুক্ত থাকবেন।

টিম কুকের পরবর্তী সময়ের জন্য অনেক দিন ধরেই প্রস্তুতি নিচ্ছে অ্যাপল। ৬৫ বছর বয়সী কুকের উত্তরসূরি কে হতে পারেন, তা নিয়ে অভ্যন্তরীণভাবে আলোচনা করছেন কোম্পানির শীর্ষ নির্বাহীরা। এ দৌড়ে যিনি এগিয়ে রয়েছেন বলে জানা গেছে, তিনি হলেন জন টার্নাস। তিনি বর্তমানে অ্যাপলের হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান। টার্নাসের স্থির নেতৃত্বশৈলী ও দীর্ঘদিনের অভিজ্ঞতার কারণে তাকে টিম কুকের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছে।