অ্যাপল তাদের ভার্চুয়াল সহকারী সিরিকে নতুনভাবে সাজাতে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল জেমিনি ব্যবহারের পরিকল্পনা করছে। ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, দুই কোম্পানি প্রাথমিকভাবে এ নিয়ে আলোচনা করছে। তবে এটি এখনো চূড়ান্ত হয়নি। দীর্ঘদিন ধরে নিজেদের তৈরি প্রযুক্তির ওপর নির্ভরশীল অ্যাপলের জন্য এটি বড় পরিবর্তন হতে পারে। খবর এনগেজেট।

বর্তমানে অ্যাপল সিরির দুটি সংস্করণ তৈরি করছে। এর মধ্যে একটি সংস্করণের কোডনেম লিনউড, যা অ্যাপলের নিজস্ব মডেলে পরিচালিত হবে। অন্যটি গ্লেনউড, যা এআই প্রযুক্তি জেমিনি ব্যবহার করছে। শেষ পর্যন্ত কোন মডেল ব্যবহার করা হবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি অ্যাপল।

জানা গেছে, অ্যাপল তাদের বৃহত্তর এআই পরিকল্পনা বাস্তবায়নে নানা সমস্যার মুখে পড়েছে। অ্যাপল ইন্টেলিজেন্স নামে পরিচিত এ প্রকল্পের অনেক ফিচার আইওএস ১৮-তে যুক্ত হলেও প্রতিশ্রুত নতুন সিরি চালু করা যায়নি। যে সিরি ব্যক্তিগত তথ্য ব্যবহার করে বিভিন্ন অ্যাপের ভেতরে কাজ সম্পন্ন করতে পারত, তা আনুষ্ঠানিকভাবে ২০২৬ সাল পর্যন্ত পিছিয়ে দেয়া হয়েছে।

এ দেরির কারণে অ্যাপলের ভেতরে অস্থিরতা তৈরি হয়েছে এবং এআই প্রকল্পগুলোর দায়িত্ব বিভিন্ন টিমের মধ্যে বদল হয়েছে। ফলে এখন অ্যাপল তৃতীয় পক্ষের এআই মডেল ব্যবহারের বিষয়ে গুরুত্বসহকারে ভাবছে। এরই মধ্যে গুগলের জেমিনি মডেল পিক্সেল ১০ স্মার্টফোনে নানা ফিচার দিচ্ছে, যা অ্যাপলের প্রতিশ্রুত সিরির ক্ষমতার সঙ্গে মিল রয়েছে। যদি এটি অ্যাপলের নিজস্ব সার্ভারে চালানো হয়, তাহলে ‘প্রাইভেট ক্লাউড কম্পিউট’ ব্যবস্থার মাধ্যমে ব্যবহারকারীদের জন্য বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা যাবে।

এর আগে ওপেনএআই ও অ্যানথ্রপিকের সঙ্গেও অংশীদারত্বের সম্ভাবনা যাচাই করেছে অ্যাপল। জেমিনিকে চ্যাটজিপিটির বিকল্প হিসেবে যুক্ত করার পরিকল্পনাও ছিল, যদিও তা এখনো চালু হয়নি। যদি শেষ পর্যন্ত অ্যাপল জেমিনিকে বেছে নেয়, তবে এটি স্যামসাংয়ের পথ অনুসরণ করবে। স্যামসাংয়ের গ্যালাক্সি এআই এরই মধ্যে নিজেদের প্রযুক্তির সঙ্গে জেমিনি মডেল ব্যবহার করছে।