বায়ুর মান, হারিকেন, টাইফুনসহ নানা আবহাওয়াসংক্রান্ত ঘটনার পূর্বাভাস এখন আরো নির্ভুলভাবে দিতে পারবে মাইক্রোসফটের নতুন এআই মডেল অরোরা। সম্প্রতি ন্যাচার জার্নালে প্রকাশিত এক গবেষণা ও মাইক্রোসফটের ব্লগপোস্ট অনুযায়ী, অরোরা প্রচলিত আবহাওয়া পূর্বাভাস পদ্ধতির চেয়ে দ্রুত ও নিখুঁতভাবে কাজ করতে পারে। খবর টেকক্রাঞ্চ।

মাইক্রোসফটের দাবি, মডেলটি প্রশিক্ষণ দেয়া হয়েছে বিভিন্ন ধরনের আবহাওয়ার তথ্য দিয়ে। এসব তথ্য এসেছে স্যাটেলাইট থেকে নেয়া ছবি ও পর্যবেক্ষণ, রাডার ডাটা (মেঘ, বৃষ্টি বা ঝড়ের গতিপথ বুঝতে ব্যবহার হয়) ও আবহাওয়া স্টেশনের রেকর্ড (যেমন তাপমাত্রা, আর্দ্রতা, বাতাসের গতি) থেকে।

এ উৎসগুলো থেকে সংগৃহীত তথ্যকে সময়ের দিক থেকে হিসাব করলে মোট ১০ লাখ ঘণ্টার সমান তথ্য মডেলটির মধ্যে প্রবাহিত করা হয়েছে। এছাড়া নির্দিষ্ট আবহাওয়াসংক্রান্ত ঘটনার পূর্বাভাস দেয়ার জন্য এতে নতুন তথ্য যোগ করে আরো নিখুঁতভাবে ফলাফল পাওয়া সম্ভব।

এআই-ভিত্তিক আবহাওয়া পূর্বাভাস মডেল নতুন কিছু নয়। গত কয়েক বছরে গুগলের ডিপমাইন্ড এমন কয়েকটি মডেল তৈরি করেছে। এর মধ্যে ‘ওয়েদারনেক্সট’ নামের একটি মডেলকে বিশ্বের সেরা কিছু আবহাওয়া পূর্বাভাস সিস্টেমের চেয়েও উন্নত বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। এবার অরোরাকে এক্ষেত্রে শীর্ষ মডেলগুলোর একটি হিসেবে দাবি মাইক্রোসফটের। কোম্পানির মতে, এটি আবহাওয়া গবেষণায় কাজ করা বিজ্ঞানীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সহায়ক হতে পারে।

মাইক্রোসফট বলছে, ফিলিপাইনে টাইফুন ডাকসুরি আঘাত হানার চারদিন আগেই প্রযুক্তিটি পূর্বাভাস দিয়েছিল, যা কিছু ক্ষেত্রে বিশেষজ্ঞের পূর্বাভাসের চেয়েও সঠিক ছিল।