দীর্ঘ প্রায় চার বছর পর আবারো বৈশ্বিক ওয়্যারেবল ব্যান্ড বাজারে শীর্ষস্থানে ফিরেছে চীনের শাওমি। গবেষণা প্রতিষ্ঠান ক্যানালিসের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) শাওমি ৮৭ লাখ ইউনিট ডিভাইস বিক্রি করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪৪ শতাংশ বেশি।
শাওমির ইতিবাচক বিক্রির প্রতিবেদন নিয়ে ক্যানালিস বলছে, কোম্পানির নতুন এমআই ব্যান্ড ও রেডমি ওয়াচ সিরিজে যুক্ত করা হয়েছে উন্নত স্বাস্থ্য পর্যবেক্ষণ ফিচার ও আধুনিক ডিজাইন। এসব ডিভাইসে প্রিমিয়াম মানের ফিচার থাকলেও দাম তুলনামূলকভাবে সাশ্রয়ী। শাওমির পর এ তালিকায় দ্বিতীয় স্থানে আছে অ্যাপল।
বিশেষজ্ঞরা বলছেন, শাওমি প্রতিটি পণ্যের (যেমন ওয়্যারেবল ব্যান্ড, স্মার্টওয়াচ, ফোন ইত্যাদি) মধ্যে মিল রেখে ডিজাইন করে, যেন গ্রাহকের কাছে সব পণ্যই আকর্ষণীয় হয়। এছাড়া বাজারে অন্য সব পণ্যের তুলনায় দাম সাধারণত কম বা সাশ্রয়ী রাখা হয়, যাতে প্রতিযোগীদের তুলনায় শাওমির পণ্য সহজে বিক্রি হয়।
ক্যানালিস বলছে, বিশ্বব্যাপী ওয়্যারেবল ডিভাইসের চাহিদা আবার বাড়তে শুরু করেছে। বছরের প্রথম তিন মাসে ওয়্যারেবল ব্যান্ড বাজার সম্প্রসারণ হয়েছে ১৩ শতাংশ।
এ সময় তিনটি প্রধান বিভাগ মিলে (বেসিক ব্যান্ড, বেসিক ঘড়ি ও স্মার্টওয়াচ) মোট ডিভাইস বিক্রি হয়েছে ৪ কোটি ৬৬ লাখ ইউনিট। তবে এক্ষেত্রে বেসিক ওয়্যারেবল অর্থাৎ সাধারণ ব্যান্ড ও ঘড়িগুলো বাজারের প্রবৃদ্ধিতে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে।










