জরুরি পরিস্থিতিতে দ্রুত সহায়তা নিশ্চিত করতে ব্যবহারকারীদের ফোন থেকে সরাসরি ভিডিও শেয়ারিং সুবিধা চালু করেছে গুগল। ‘অ্যান্ড্রয়েড ইমার্জেন্সি লাইভ ভিডিও’ নামে সুবিধাটি প্রাথমিকভাবে তিনটি দেশে চালু করা হয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা জরুরি সেবার কর্মীদের কাছে সরাসরি তাদের ক্যামেরার ফিড বা ভিডিও পাঠাতে পারবেন। খবর নাইনটুফাইভ গুগল।

টেক জায়ান্টটি জানিয়েছে, এরই মধ্যে যুক্তরাষ্ট্রে অ্যান্ড্রয়েড ফোনগুলোয় সুবিধাটি চালু হয়ে গেছে। পাশাপাশি জার্মানি ও মেক্সিকোর কিছু অঞ্চলেও এটি ব্যবহার করা যাবে। এজন্য ফোনে অ্যান্ড্রয়েড ৮ বা তার পরের সংস্করণ থাকতে হবে আর গুগল প্লে সার্ভিস সক্রিয় থাকলেই সুবিধাটি পাওয়া যাবে।

গুগল বলছে, ভিডিও সুবিধাটি ডিফল্টভাবে এনক্রিপ্টেড থাকবে। তাই নিরাপত্তা নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। ভিডিও চালু হলে তা ফোনের পর্দায় ছোট করে ছবিভিত্তিক উইন্ডো হিসেবে দেখা যাবে, চাইলে সেটি বড়ও করা যাবে। যেকোনো সময় ‘স্টপ শেয়ারিং’ বাটন চাপলে ভিডিও বন্ধ হয়ে যাবে। পাশাপাশি আলো জ্বালানো বা সামনের ক্যামেরায় ভিডিও বদলে নেয়ার সুযোগও থাকবে। তবে গুগল নিশ্চিত করেছে, ব্যবহারকারীর অনুমতি ছাড়া কোনো ভিডিও শেয়ার হবে না। পুরো প্রক্রিয়া নিরাপত্তা মান বজায় রেখে পরিচালিত হবে।