ভারতে তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় সংস্থা টাটা কনসালট্যান্সি সার্ভিসেস (টিসিএস) ওয়ার্ক ফ্রম অফিস (ডব্লিউএফও) নীতিতে কড়াকড়ি আরো বাড়িয়েছে। যে কর্মীরা সপ্তাহে পাঁচদিন অফিস করার নির্দেশ অমান্য করছেন, তাদের বার্ষিক মূল্যায়ন বা অ্যানিভার্সারি অ্যাপ্রেইজাল স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। খবর ইন্ডিয়া টুডে।

টাইমস অব ইন্ডিয়ার পর্যালোচিত তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকগুলোয় যারা টিসিএসের নির্ধারিত অফিস উপস্থিতির শর্ত পূরণ করতে পারেননি, মূলত তাদেরই মূল্যায়ন প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে। অনেক ক্ষেত্রে স্থানীয় বা অপারেশনাল পর্যায়ে মূল্যায়ন সম্পন্ন হলেও করপোরেট পর্যায়ে তা অনুমোদন দেয়া হয়নি। ফলে আপাতত এসব কর্মীর পারফরম্যান্স ফলাফল ‘ফ্রিজ’ হয়ে আছে।

এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি টিসিএস।

টিসিএসে অ্যানিভার্সারি অ্যাপ্রেইজাল একটি নির্দিষ্ট বার্ষিক চক্রের মাধ্যমে হয়, যা কর্মীর যোগদানের তারিখের সঙ্গে যুক্ত। সাধারণত নতুন নিয়োগপ্রাপ্তরা এক বছর পূর্ণ করলে আনুষ্ঠানিকভাবে অ্যাপ্রেইজাল প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হন। বিষয়টি কোম্পানির অভ্যন্তরীণ পোর্টাল ‘আলটিম্যাটিক্স’-এ আপডেট করা হয়। টিসিএসের এ পদক্ষেপে কোম্পানিটির নতুন কর্মী ও ফ্রেশারদের বেতন বৃদ্ধি ও পদোন্নতি অনিশ্চিত হয়ে পড়েছে।