যুক্তরাষ্ট্রের রফতানি বিধিনিষেধের মুখে পড়েও প্রযুক্তিগত স্বনির্ভরতায় বড় সাফল্য দেখিয়েছে চীনা টেক জায়ান্ট হুয়াওয়ে টেকনোলজিস। কোম্পানির নতুন স্মার্টফোনগুলোর ৬০ শতাংশ যন্ত্রাংশই এখন চীনের অভ্যন্তরীণ উৎস থেকে তৈরি। সাম্প্রতিক এক ‘টিয়ারডাউন’ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। খবর নিক্কেই এশিয়া।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র উন্নত চিপ বিক্রিতে নিষেধাজ্ঞা দেয়ার পর চীন নিজেই নিজস্ব সেন্ট্রাল প্রসেসিং ইউনিট (সিপিইউ) ও মেমোরি চিপ তৈরি শুরু করে। আগে যেসব গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের জন্য হুয়াওয়েকে বিদেশী কোম্পানিগুলোর ওপর নির্ভর করতে হতো, এখন তার বড় একটি অংশই চীনের স্থানীয় প্রযুক্তিতে তৈরি হচ্ছে।

জাপানি গবেষণা সংস্থা ফোমালহট টেকনো সলিউশনস ও সংবাদমাধ্যম নিক্কেইয়ের একটি যৌথ বিশ্লেষণে হুয়াওয়ের প্রযুক্তিতে বড় পরিবর্তনের চিত্র ফুটে উঠেছে। হুয়াওয়ের ২০২৪ সালের ফ্ল্যাগশিপ মডেল মেট ৭০ প্রো ও ২০২৫ সালের পিউরা ৮০ প্রোয় ব্যবহৃত যন্ত্রাংশের অর্ধেকেরও বেশি এখন খোদ চীনের তৈরি। ২০২৩ সালের মডেলগুলোয় এ হার ছিল ৩২ শতাংশ। ২০২০ সালে এটি ছিল ১৯ শতাংশ।

জাপানি বিশ্লেষকদের তথ্যানুযায়ী, হুয়াওয়ের নতুন মেট ৭০ প্রো ফোনে চীনা যন্ত্রাংশের অনুপাত বেড়ে দাঁড়িয়েছে ৫৭ শতাংশে। একইভাবে, পিউরা ৮০ প্রো মডেলটির যন্ত্রাংশের ৫৭ শতাংশই জোগান দিয়েছে চীনা কোম্পানিগুলো।