ভারতে পার্সোনাল কম্পিউটার (পিসি) বাজারের আকার চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) বেড়েছে ৩ শতাংশ। এ সময় মোট পিসি বিক্রি হয়েছে ৩৫ লাখ ইউনিট। একই সঙ্গে বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) দেশটির পিসি বাজার আগের বছরের তুলনায় ৫ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি দেখেছে। প্রথম ছয় মাসে ডিভাইস বিক্রি হয়েছে মোট ৬৮ লাখ ইউনিট। খবর আইডিসি।

আন্তর্জাতিক বাজার গবেষণা সংস্থা আইডিসির তথ্যমতে, টানা আট প্রান্তিক ধরে ভারতে পিসি বাজারে বিক্রি ঊর্ধ্বমুখী। উল্লেখ্য, এ বাজারে ডেস্কটপ, নোটবুক ও ওয়ার্কস্টেশন অন্তর্ভুক্ত।

সংস্থাটির তথ্যানুযায়ী, করপোরেট খাতে চাহিদা বাড়লেও ভোক্তা পর্যায়ে বাজেট নোটবুকের প্রতি ঝোঁক বেড়েছে। ফলে দেশটিতে প্রিমিয়াম নোটবুকের (দাম ১ হাজার ডলারের বেশি) বিক্রি কমেছে। গত প্রান্তিকে এ ধরনের নোটবুকের বিক্রি আগের বছরের তুলনায় ৬ দশমিক ৯ শতাংশ কমেছে। পাশাপাশি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সুবিধাসম্পন্ন নোটবুকের চাহিদা ১৪৫ দশমিক ২ শতাংশ বেড়েছে।

আইডিসির ভারত ও দক্ষিণ এশিয়ার গবেষণা ব্যবস্থাপক ভারত শেনয় বলেন, ‘অনলাইন ও অফলাইন উভয় ক্ষেত্রেই ভোক্তা পর্যায়ে পিসির চাহিদা শক্তিশালী ছিল, তবে বিক্রি সামান্য কমেছে। কারণ অনলাইন সেলের সময় পুরনো কম্পিউটার বা ডিভাইসের স্টক দ্রুত বিক্রি করে বাজারের মজুদ কমানো হয়েছে।’