পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে এবার সরাসরি নেতৃত্বে যুক্ত হলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) সম্প্রতি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পরিবেশ রক্ষায় নিয়োজিত বিশ্বের প্রথম এআই দূত 'উনা'কে তাদের পরিবেশদূত হিসেবে ঘোষণা করেছে।
‘উনা’ একটি কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ডিজিটাল চরিত্র, যা পরিবেশ রক্ষার বার্তা ছড়াতে সক্রিয় ভূমিকা পালন করবেন। ইউএনডিপি ও জাপান সরকারের যৌথভাবে চালু করা প্যাসিফিক গ্রীণ ট্রান্সফর্মেশন প্রজেক্টের বার্তা বহন করবে ‘উনা’। প্রকল্পটি মূলত চারটি প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্র—পাপুয়া নিউ গিনি, সামোয়া, তিমোর-লেস্তে ও ভানুয়াতুতে নবায়নযোগ্য শক্তি খাতে সহায়তা, জাতীয় জলবায়ু কর্মসূচির সমর্থন ও স্থানীয় জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধিতে কাজ করছে।
‘উনা’ স্থানীয় জনগণ, সরকার ও বৈশ্বিক দর্শকদের ভিডিও, ভার্চুয়াল ইভেন্ট ও ওয়েবসাইটের মাধ্যমে পরিবেশ নিয়ে বার্তা দেবে। সামাজিক মাধ্যমে এর কার্যক্রম নিয়ে প্রকাশিত হবে ধারাবাহিক ডকুমেন্টারি ভিডিও। পাশাপাশি, বিভিন্ন আন্তর্জাতিক ইভেন্টে উনার হোলোগ্রাফিক উপস্থিতির মাধ্যমে সরাসরি মঞ্চে অংশগ্রহণ ঘটবে।
এ বিষয়ে ইউএনডিপির সহকারী মহাসচিব কান্নি উইগ্নারাজা বলেন, উনা পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরতে এক যুগান্তকারী পদক্ষেপ। কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে বৈচিত্র্যময় দর্শকদের সঙ্গে গভীর ও প্রভাবশালী যোগাযোগ সম্ভব হচ্ছে, যা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সম্মিলিত সচেতনতা গড়তে সহায়তা করবে।
উনা নিজেও তার এআই প্ল্যাটফর্ম থেকে বার্তা দিয়ে বলেছে, 'আমার মিশন হলো প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের মানুষের কণ্ঠস্বর ও গল্পগুলো বিশ্বে তুলে ধরা এবং সবাইকে নবায়নযোগ্য শক্তির সুবিধা বুঝতে উদ্বুদ্ধ করা। আগামীকাল নির্ভর করছে আজকের সিদ্ধান্ত ও কাজের ওপর।'










