যুক্তরাষ্ট্রে টিকটকের উপযুক্ত ক্রেতা না পাওয়া পর্যন্ত প্লাটফর্ম বিক্রির সময়সীমা বাড়াতে থাকবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টিকটক ও চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্সকে ঘিরে জাতীয় নিরাপত্তা ও গোপনীয়তার উদ্বেগগুলো ‘অতিরঞ্জিত’ উল্লেখ করে সম্প্রতি এ মন্তব্য করেছেন ট্রাম্প। খবর এলএ নিউজ।
২০২৪ সালের একটি আইন অনুযায়ী চলতি বছরের ১৯ জানুয়ারির মধ্যে যুক্তরাষ্ট্রে কার্যক্রম বন্ধ করার কথা ছিল টিকটকের অথবা কার্যক্রম চালিয়ে নিতে মূল কোম্পানি বাইটড্যান্সকে যুক্তরাষ্ট্রে ব্যবসা বিক্রি করতে বলা হয়। কিন্তু ট্রাম্প কয়েকবার এ সময়সীমা বাড়িয়েছেন এবং সেটি সর্বশেষ ১৭ সেপ্টেম্বর করা হয়।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমরা টিকটকের নিরাপত্তা নিয়ে উদ্বেগগুলো পর্যবেক্ষণ করছি। আমাদের কাছে আমেরিকান ক্রেতা আছে এবং সব জটিলতা মিটে না যাওয়া পর্যন্ত আমরা সময়সীমা আরেকটু বাড়াচ্ছি।’
ট্রাম্পের দায়িত্ব নেয়ার প্রথম দিন ২০ জানুয়ারি এক নির্বাহী আদেশের মাধ্যমে প্রথম দফায় সময়সীমা বাড়ানো হয়েছিল।
দ্বিতীয় দফা সময়সীমা বাড়ানো হয় এপ্রিলে। সেই সময় হোয়াইট হাউজ কর্মকর্তারা মনে করেছিলেন, টিকটককে মার্কিন মালিকানাধীন নতুন একটি কোম্পানিতে রূপান্তরের চুক্তি প্রায় সম্পন্ন। তবে ট্রাম্প শুল্ক আরোপের ঘোষণা দেয়ার পর চীন সরে দাঁড়ানোয় সেই চুক্তি ভেস্তে যায়।
গত সপ্তাহে হোয়াইট হাউজ নিজস্ব টিকটক অ্যাকাউন্ট চালু করার পর ট্রাম্প নতুন করে সময়সীমা বাড়ানো নিয়ে মন্তব্য করেন।
তিনি বলেন, ‘নির্বাচনী প্রচারে টিকটক ব্যবহার করেছি। আমি টিকটকের ভক্ত। আমার সন্তানরা টিকটক পছন্দ করে। তরুণরা টিকটক ভালোবাসে। আমরা এটি চালু রাখতে চাই।’
বিশ্লেষকরা মনে করছেন, ক্রমাগত সময়সীমা বাড়তে থাকায় যুক্তরাষ্ট্রে টিকটক শিগগিরই নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা ক্রমেই কমে যাচ্ছে।










