২০২৫ সালের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বৈশ্বিক ক্লাউড অবকাঠামো সেবায় ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ১০২ দশমিক ৬ বিলিয়ন বা ১০ হাজার ২৬০ কোটি ডলারে। এ ব্যয় আগের বছরের একই সময়ের তুলনায় ২৫ শতাংশ বেশি বলে জানিয়েছে আন্তর্জাতিক গবেষণাপ্রতিষ্ঠান ওমডিয়া।
এ নিয়ে টানা পাঁচ প্রান্তিকে ক্লাউড খাতে প্রবৃদ্ধি ২০ শতাংশের ওপরে অবস্থান করছে, যা খাতটির ধারাবাহিক স্থিতিশীল অবস্থান ও শক্তিশালী চাহিদাকে তুলে ধরে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ওমডিয়ার মতে, এ প্রবৃদ্ধির পেছনে সবচেয়ে বড় চালিকাশক্তি হলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। বিশ্বজুড়ে অনেক প্রতিষ্ঠান এখন পরীক্ষামূলক এআই প্রকল্প থেকে বেরিয়ে এসে পূর্ণাঙ্গ ও বাস্তব ব্যবহারের দিকে এগোচ্ছে। ফলে প্রযুক্তি খাতের চিত্র দ্রুত বদলাচ্ছে এবং ক্লাউড সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর প্রতিযোগিতার ধরনও পরিবর্তিত হচ্ছে। শুধু মডেলের কর্মদক্ষতা নয়, বরং বড় আকারে এআই চালু ও পরিচালনার জন্য প্রয়োজনীয় প্লাটফর্মভিত্তিক সক্ষমতা এখন বেশি গুরুত্ব পাচ্ছে।
চলতি বছরের তৃতীয় প্রান্তিকে অ্যামাজন ওয়েব সার্ভিসেস (এডব্লিউএস), মাইক্রোসফট আজুর এবং গুগল ক্লাউড—এ তিন শীর্ষ ক্লাউড সেবাদাতা তাদের বাজার অবস্থান ধরে রেখেছে। সম্মিলিতভাবে কোম্পানিগুলো বৈশ্বিক ক্লাউড অবকাঠামো ব্যয়ের ৬৬ শতাংশ হিস্যা দখল করেছে। এ তিন প্রতিষ্ঠানের সম্মিলিত বার্ষিক প্রবৃদ্ধি ছিল ২৯ শতাংশ।
বাজারে শীর্ষ অবস্থানে থাকা এডব্লিউএসের বাজার অংশীদারত্ব ছিল ৩২ শতাংশ। প্রতিষ্ঠানটির আয় বেড়েছে ২০ শতাংশ, যা ২০২২ সালের পর সবচেয়ে শক্তিশালী প্রবৃদ্ধি। এআই চাহিদা বৃদ্ধি, কম্পিউটিং সক্ষমতার উন্নতি এবং এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের সঙ্গে অংশীদারত্ব এ প্রবৃদ্ধিতে সহায়ক ভূমিকা রেখেছে। তৃতীয় প্রান্তিক শেষে এডব্লিউএসের মোট অর্ডার ব্যাকলগ দাঁড়ায় ২০ হাজার কোটি ডলারে।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ক্লাউড সেবাদাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট আজুর বছরে তৃতীয় প্রান্তিকে ২২ শতাংশ বাজার অংশীদারত্ব ধরে রেখেছে এবং ৪০ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি অর্জনে সক্ষম হয়েছে। ওপেনএআইয়ের সঙ্গে অংশীদারত্ব নবায়ন ও এন্টারপ্রাইজ এআই ব্যবহারের বিস্তার আজুরের প্রবৃদ্ধিকে আরো ত্বরান্বিত করেছে। প্রতিষ্ঠানটি সম্প্রতি মাইক্রোসফট এজেন্ট ফ্রেমওয়ার্ক চালু করেছে, যা ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে বাস্তব পরিবেশে এআই এজেন্ট তৈরি ও পরিচালনায় সহায়তা করছে।
তৃতীয় অবস্থানে থাকা গুগল ক্লাউড অর্জন করেছে ১১ শতাংশ বাজার হিস্যা এবং বছরে ৩৬ শতাংশ প্রবৃদ্ধি। প্রতিষ্ঠানটির ব্যাকলগ দ্রুত বেড়ে ১৫ হাজার ৭৭০ কোটি ডলারে পৌঁছেছে। গুগল ক্লাউড তাদের ভার্টেক্স এআই প্লাটফর্মে নতুন এআই মডেল যুক্ত করেছে এবং এন্টারপ্রাইজ গ্রাহকদের জন্য জেমিনি এন্টারপ্রাইজ চালু করেছে। ওমডিয়ার বিশ্লেষকদের মতে, বড় ক্লাউড সেবাদাতা প্রতিষ্ঠানগুলো এখন শুধু এআই মডেলের উন্নয়নের দিকে নয়, বরং প্লাটফর্মভিত্তিক সক্ষমতা, একাধিক মডেল ব্যবহারের সুবিধা এবং এআই এজেন্ট বাস্তব প্রয়োগের দিকে বেশি গুরুত্ব দিচ্ছে।










