গুগলের পেইড ক্লাউড স্টোরেজ পরিষেবা গুগল ওয়ানের গ্রাহক সংখ্যা ১৫ কোটির গণ্ডি পেরিয়েছে। এ সংখ্যা গত বছরের ফেব্রুয়ারির তুলনায় ৫০ শতাংশ বেশি। উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ফিচারসহ ১৯ ডলার ৯৯ সেন্টের নতুন মাসিক সাবস্ক্রিপশন প্ল্যান এ প্রবৃদ্ধির মূল কারণ বলে উল্লেখ করেছে টেক জায়ান্টটি। গুগল জানায়, নতুন এআই প্ল্যানের গ্রাহক সংখ্যা এরই মধ্যে ‘মিলিয়ন’-এ পৌঁছেছে। এছাড়া গুগল ওয়ান এখনো সাশ্রয়ী দামে স্টোরেজভিত্তিক প্ল্যান দিচ্ছে, তবে তাতে এআই ফিচার নেই। এদিকে সাম্প্রতিক সময়ে বিজ্ঞাপননির্ভরতা কমিয়ে আয়ের নতুন উৎস হিসেবে সাবস্ক্রিপশনের দিকে জোর দিচ্ছে মূল কোম্পানি অ্যালফাবেট। খবর রয়টার্স