উইন্ডোজ মিডিয়া প্লেয়ারের একটি পুরনো ও পরিচিত সেবা বন্ধ করে দিয়েছে মাইক্রোসফট। আগে কম্পিউটারে কোনো মিউজিক সিডি প্রবেশ করালে উইন্ডোজ মিডিয়া প্লেয়ার স্বয়ংক্রিয়ভাবে অ্যালবামের নাম, গানের তালিকা ও কভার ছবি দেখাত। এটি সম্ভব হতো মাইক্রোসফটের অনলাইন মেটাডাটা সার্ভারের মাধ্যমে। খবর দ্য রেজিস্টার।

তবে গত ডিসেম্বরে সে মেটাডাটা সার্ভার কাজ করা বন্ধ করে দেয়। এখন উইন্ডোজ ১০ বা ১১ সংস্করণে মিডিয়া প্লেয়ার আর মিউজিক সিডি শনাক্ত করতে পারছে না। অ্যালবামের তথ্য দেখানোর বদলে শুধু ‘অ্যালবাম পাওয়া যায়নি’ বার্তা দেখাচ্ছে। এর মাধ্যমে উইন্ডোজে ফিজিক্যাল মিউজিক মিডিয়ার একটি যুগ কার্যত শেষ হয়ে গেল বলে মনে করছেন অনেকে।

ভালচার সেন্ট্রালের টিম মিডিয়া ড্রাইভযুক্ত কয়েকটি উইন্ডোজ কম্পিউটারে বিষয়টি পরীক্ষা করে দেখেছে। বিভিন্ন ধরনের মিউজিক সিডি দিয়েও একই অভিজ্ঞতা হয়েছে।

মাইক্রোসফটের মতে, বর্তমানে সিডিতে গান শোনার মানুষের সংখ্যা এতই নগণ্য যে এ মেটাডাটা বা তথ্য সেবাটি চালু রাখার আর কোনো প্রয়োজন নেই।

উইন্ডোজের দীর্ঘ পথচলায় ‘উইন্ডোজ মিডিয়া প্লেয়ার’ একটি অবিচ্ছেদ্য অংশ। উইন্ডোজ ৩.০-এর মাল্টিমিডিয়া এক্সটেনশনের মাধ্যমে এর যাত্রা শুরু হয়।