ব্যক্তিগত স্বাস্থ্য ও সুস্থতা–সংক্রান্ত তথ্য আরো ভালোভাবে বুঝতে ও কাজে লাগাতে নতুন সেবা চালু করেছে ওপেনএআই। চ্যাটজিপিটি হেলথ নামের নতুন এ সুবিধায় ব্যবহারকারীরা নিরাপদভাবে নিজেদের চিকিৎসা নথি ও স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন অ্যাপ যুক্ত করতে পারবেন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।
গতকাল বুধবার চ্যাটজিপিটি হেলথ চালুর ঘোষণা দেয় ওপেনএআই। প্রতিষ্ঠানটির দাবি, নতুন এ সেবায় স্বাস্থ্য বিষয়ক প্রশ্নের উত্তর হবে আরো ব্যক্তিকেন্দ্রিক ও প্রাসঙ্গিক।
ওপেনএআইয়ের অ্যাপ্লিকেশন বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা ফিডজি সিমো জানান, চ্যাটজিপিটিকে শক্তিশালী ব্যক্তিগত সহকারী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগ নেয়া হয়েছে। তিনি তার নিজের অভিজ্ঞতা থেকে জানান, বর্তমান স্বাস্থ্যসেবা ব্যবস্থা অনেক ক্ষেত্রেই চিকিৎসক ও রোগীর প্রয়োজন পূরণে সীমাবদ্ধ। এ কারণে মানুষ স্বাস্থ্য বিষয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তার দিকে ঝুঁকছে। চ্যাটজিপিটি হেলথ ব্যবহারকারীদের স্বাস্থ্য নিয়ে আরো সচেতন ও আত্মবিশ্বাসী হতে সহায়তা করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনের তথ্যানুযায়ী, ২০২৩ থেকে ২০২৪ সালের মধ্যে চিকিৎসকদের এআই ব্যবহারের হার প্রায় দ্বিগুণ বেড়েছে। ওপেনএআইয়ের এক জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের প্রতি পাঁচজন প্রাপ্তবয়স্কের মধ্যে তিনজনই গত তিন মাসে তাদের স্বাস্থ্যসেবায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করেছেন। এছাড়াও প্রতি সপ্তাহে কয়েক কোটি মানুষ চ্যাটজিপিটির কাছে স্বাস্থ্যসংক্রান্ত বিভিন্ন প্রশ্ন করে থাকেন।
এদিকে ব্যবহারকারীর তথ্যের নিরাপত্তা ও গোপনীয়তায় বিশেষ গুরুত্ব দিয়েছে ওপেনএআই। চ্যাটজিপিটি হেলথের জন্য আলাদা স্পেস রাখা হয়েছে। এখানে থাকা তথ্য মূল মডেল প্রশিক্ষণে ব্যবহার করা হবে না। প্রতিটি আলাপ ও নথি উন্নত এনক্রিপশনের মাধ্যমে আলাদাভাবে সংরক্ষণ করা হবে।
তবে ওপেনএআই স্পষ্ট করে জানিয়েছে, এ সেবা কোনোভাবেই রোগ নির্ণয় বা চিকিৎসার বিকল্প নয়। এটি চিকিৎসকের পরামর্শের সহায়ক হিসেবে কাজ করবে। তাই চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেই ফিচারটি তৈরি করা হয়েছে।
মেডিকেল রেকর্ড বা স্বাস্থ্য তথ্য নিরাপদে যুক্ত করতে ওপেনএআই ডিজিটাল স্বাস্থ্য প্ল্যাটফর্ম ‘বি.ওয়েল’ এর সঙ্গে কাজ করছে। ফলে ব্যবহারকারীরা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবেন তারা কোন তথ্যগুলো যুক্ত করতে চান। প্রাথমিকভাবে এ সুবিধা যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবা প্রদানকারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
তবে এখনি চ্যাটজিপিটি হেলথ ব্যবহার করতে চাইলে ব্যবহারকারীদের অপেক্ষমাণ তালিকায় নাম নিবন্ধন করতে হবে। এক্সেস পাওয়ার পর চ্যাটজিপিটির সাইডবারে এটি একটি আলাদা অপশন হিসেবে দেখা যাবে।
ওপেনএআই জানিয়েছে, তারা পর্যায়ক্রমে সুবিধাটি সবার জন্য উন্মুক্ত করবে। বর্তমানে মেডিকেল রেকর্ড যুক্ত করার সুবিধাটি শুধু যুক্তরাষ্ট্রে সীমাবদ্ধ থাকলেও আগামী কয়েক সপ্তাহের মধ্যে বিশ্বের অন্যান্য জায়গাতেও এর কার্যক্রম বাড়ানোর পরিকল্পনা রয়েছে।










