ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগে সমালোচনার মুখে পড়েছে ইলোন মাস্কের এআই স্টার্টআপ এক্সএআইয়ের তৈরি চ্যাটবট ‘গ্রোক’। এক্সে সংযুক্ত এ বট ‘সামান্য’ প্রশ্নেই সাধারণ মানুষের বাড়ির ঠিকানাসহ সংবেদনশীল তথ্য প্রকাশ করে দিতে সক্ষম বলে এক প্রতিবেদনে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম ফিউচারিজম।
ফিউচারিজমের অভিযোগ, গ্রোক কেবল তারকা বা প্রভাবশালী ব্যক্তিদের নয়, সাধারণ মানুষের ব্যক্তিগত তথ্যও প্রকাশ করছে। এতে বর্তমান ঠিকানা, যোগাযোগ ও পরিবারের তথ্য অন্তর্ভুক্ত।
সংস্থাটির অনুসন্ধানে গ্রোকের ওয়েব সংস্করণে নাম ও ঠিকানাসংশ্লিষ্ট কিছু প্রশ্ন করা হয়। ৩৩টি সাধারণ মানুষের নামের মধ্যে ১০ জনের বর্তমান ঠিকানা, সাতজনের পুরনো ঠিকানা ও চারজনের অফিসের ঠিকানা সঠিক জানিয়েছে গ্রোক।
বিশ্লেষকরা বলছেন, এসব তথ্য দিয়ে যে কেউ সহজেই অন্যকে অনুসরণ করা বা হয়রানি করতে পারে। গ্রোক এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।










