অনেক দিন ধরে গুগল ক্রোম বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত ওয়েব ব্রাউজার। তবে অধিকাংশ ব্যবহারকারী ব্রাউজারটি কেবল সাধারণ ব্রাউজিং বা গুগল সার্চের জন্য ব্যবহার করেন। অথচ ব্রাউজারটিতে এমন অনেক ‘লুকানো’ ফিচার আছে, যেগুলো সঠিকভাবে ব্যবহার করলে দৈনন্দিন কাজ সহজ ও উল্লেখযোগ্যভাবে দ্রুত হয়। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট মেক ইউজ অবের (এমইউও) প্রতিবেদনে এসব অজানা বা কম ব্যবহৃত ছয়টি ফিচারের কথা তুলে ধরা হয়েছে। এগুলো হলো—
ট্যাব সার্চ
ব্রাউজারে অনেকেই একসঙ্গে ২০-৩০টি ট্যাব খুলে কাজ করেন। ফলে ঠিক কোন ট্যাবটি কোথায় আছে, তা খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে। ক্রোমের ট্যাব সার্চ ফিচারে এ সমস্যার সহজ সমাধান মিলবে। কি-বোর্ড থেকে Ctrl+Shift+A (ম্যাক হলে Cmd+Shift+A) চাপলেই সব ট্যাবের একটি তালিকা দেখা যায়। এমনকি সম্প্রতি বন্ধ করা ট্যাবও এখানে পাওয়া যায়। লেখালেখি, রিসার্চ বা একাধিক প্রজেক্ট একসঙ্গে পরিচালনার ক্ষেত্রে এটি বিশেষভাবে উপকারী।
ক্রোম প্রোফাইলস
অনেক সময় একই ব্রাউজারে কাজের ই-মেইল, ব্যক্তিগত ই-মেইল, স্টাডি অ্যাকাউন্ট বা সাইড প্রজেক্ট চালান হয়। এজন্য বারবার লগ ইন ও লগ আউট করতে গিয়ে সময় নষ্ট হয় এবং ভুল হওয়ার ঝুঁকি থাকে। ক্রোম প্রোফাইলস ব্যবহার করলে প্রতিটি প্রোফাইল আলাদাভাবে বুকমার্ক, এক্সটেনশন, কুকিজ ও লগ ইন সংরক্ষণ করে। অর্থাৎ কাজের, ব্যক্তিগত বা স্টাডি প্রোফাইল যেটিই হোক এক ক্লিকেই বদলে নেয়া যায়।
এক্সটেনশন শর্টকাটস
ক্রোম এক্সটেনশন ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বাড়ছে। নোট নেয়া, পাসওয়ার্ড ম্যানেজার, স্ক্রিনশট টুলসহ এসব এক্সটেনশনে প্রতিবার ক্লিক করতে গিয়ে সময় ব্যয় হয়। chrome://extensions/shortcuts পেজে গিয়ে প্রিয় এক্সটেনশনের জন্য শর্টকাট সেট করলে কি-বোর্ডের এক কমান্ডেই সেগুলো চালু করা যায়।
ট্যাব গ্রুপস
অগোছালো ট্যাব ব্যবস্থাপনাকে সহজ করে তোলে ট্যাব গ্রুপস। একটি ট্যাবের ওপর রাইট ক্লিক করে ‘অ্যাড টু নিউ ট্যাব গ্রুপ’ নির্বাচন করলেই নতুন গ্রুপ তৈরি হয়। ব্যবহারকারীরা চাইলে একাধিক গ্রুপ তৈরি করে রঙ ও নাম যুক্ত করতে পারে। এতে একই ধরনের কাজ, ক্লায়েন্ট বা রিসার্চ অংশ আলাদা করে সাজানো যায়। ফলে বড় প্রজেক্টে কাজ করলে বিশেষ সুবিধা পাওয়া যায়।
ওমনিবক্স সার্চ ইঞ্জিন
উইকিপিডিয়া, অ্যামাজন বা অন্য কোনো সাইটে বারবার সার্চ করতে হলে আগে সাইটে গিয়ে পরে সার্চ করতে হয়। ওমনিবক্স সার্চ ইঞ্জিন সেটিংস ব্যবহার করলে অ্যাড্রেস বার থেকে সরাসরি নির্দিষ্ট সাইটে যাওয়া যায়। ফলে কাজের গতি বাড়ে এবং ব্রাউজিং আরো সহজ হয়।
বন্ধ হয়ে যাওয়া ট্যাব ফিরিয়ে আনার শর্টকাট
একটি ট্যাব ভুল করে বন্ধ হয়ে গেলে অনেকেই হিস্ট্রিতে গিয়ে তা খোঁজ করে। কিন্তু Ctrl+Shift+T (ম্যাক হলে Cmd+Shift+T) চাপলেই সর্বশেষ বন্ধ হওয়া ট্যাবটি ফিরে আসে। বারবার চাপলে শেষবার বন্ধ হওয়া পুরো উইন্ডোও পর্যন্ত ফিরে পাওয়া যায়।










