চীনের প্রযুক্তি কোম্পানিগুলোকে এনভিডিয়ার সর্বাধুনিক এইচ২০০ চিপ কেনার পরিকল্পনা আপাতত স্থগিত রাখার নির্দেশ দিয়েছে বেইজিং। তবে এটি একটি সাময়িক পদক্ষেপ বলে জানিয়েছে দি ইনফরমেশন।

বছরজুড়ে নানা জল্পনার পর গত ডিসেম্বরে এনভিডিয়ার উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ এইচ২০০ চীনে রফতানির অনুমতি দেয় যুক্তরাষ্ট্র। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, প্রতি চালানে আরোপ করা হবে ২৫ শতাংশ ফি।

প্রতিবেদন বলছে, চীন সরকার এখন নিজস্ব নীতিমালার কথা ভাবছে। বেইজিং মূলত স্থানীয় সেমিকন্ডাক্টর শিল্পকে শক্তিশালী করার দীর্ঘমেয়াদি লক্ষ্য নিয়ে কাজ করছে। সরকারের আশঙ্কা, এনভিডিয়ার ওপর অতিরিক্ত নির্ভরশীলতা স্থানীয় চিপ নির্মাতাদের বিকাশে বাধা হয়ে দাঁড়াতে পারে।

এনভিডিয়া সম্প্রতি নতুন ‘ব্ল্যাকওয়েল’ চিপ বাজারে এনেছে। ফলে এইচ২০০ এখন পুরনো সংস্করণ হিসেবে বিবেচিত। তবু চীনা কোম্পানিগুলোয় চিপটির চাহিদা আকাশচুম্বী। কারণ বিশ্লেষকরা বলছেন, চীনের তৈরি চিপগুলোর সক্ষমতা এখনো এনভিডিয়ার এ পুরনো চিপের সমান হতে পারছে না।

চীন সরকারের দাবি, স্থানীয় চিপগুলো বর্তমানে এনভিডিয়ার নিম্নমানের এইচ২০ বা আরটিএক্স প্রো ৬০০০ডি চিপের সমান পারফরম্যান্স দিতে পারে।

দি ইনফরমেশনের তথ্যানুযায়ী, এনভিডিয়ার এইচ২০০ চিপ কেনার ওপর বেইজিংয়ের সাম্প্রতিক নিষেধাজ্ঞার পেছনে দীর্ঘদিনের পরিকল্পনা রয়েছে। গত ডিসেম্বরে ট্রাম্প প্রশাসন এ চিপ বিক্রির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর থেকেই চীনের কেন্দ্রীয় সরকার বড় প্রযুক্তি জায়ান্টদের সঙ্গে এ বিষয়ে আলোচনা শুরু করে।

চীনের বেশকিছু সার্ভার প্রস্তুতকারক কোম্পানি এরই মধ্যে এনভিডিয়াকে চিপের জন্য ‘নন-রিফান্ডেবল’ (অর্থ ফেরতযোগ্য নয়) এবং ‘নন-মডিফায়েবল’ (পরিবর্তনযোগ্য নয়) অর্ডার দিয়ে ফেলেছে। জানা গেছে, এনভিডিয়া আগামী মাসের মাঝামাঝি নাগাদ ৮২ হাজার জিপিইউর একটি বিশাল চালান চীনে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।