যুক্তরাষ্ট্রে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ন্ত্রণে অঙ্গরাজ্যগুলোর নিজস্ব আইন কার্যকর ঠেকাতে নির্বাহী আদেশে সই করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের ওভাল অফিসে সম্প্রতি সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা একটি কেন্দ্রীয় অনুমোদন ব্যবস্থাই চাই।’ খবর বিবিসি।
হোয়াইট হাউসের এআই বিষয়ক উপদেষ্টা ডেভিড স্যাকস বলেন, নির্বাহী আদেশটির ফলে অঙ্গরাজ্যগুলোর সবচেয়ে কঠোর এআই বিধির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে ট্রাম্প প্রশাসন। তবে শিশুদের নিরাপত্তা সংক্রান্ত এআই বিধির ক্ষেত্রে ফেডারেল সরকার সেগুলোর বিরোধিতা করবে না।
সিদ্ধান্তটিকে ইতিবাচক হিসেবে দেখছেন যুক্তরাষ্ট্রের বড় প্রযুক্তি কোম্পানি ও এআই কোম্পানির শীর্ষ কর্মকর্তারা। তারা দীর্ঘদিন ধরেই দেশজুড়ে একক এআই আইন চেয়ে আসছিলেন। এক্ষেত্রে তাদের যুক্তি, অঙ্গরাজ্যভিত্তিক ভিন্ন ভিন্ন আইন নতুন প্রযুক্তি উদ্ভাবনের গতি কমাতে পারে। এতে দ্রুত বিকাশমান এআই খাতে যুক্তরাষ্ট্র পিছিয়ে পড়তে পারে। বিশেষ করে চীনের সঙ্গে বৈশ্বিক নেতৃত্বের প্রতিযোগিতায় এটি বাধা হয়ে দাঁড়াতে পারে বলে তাদের আশঙ্কা। এআই প্রযুক্তিতে এসব কোম্পানি এরই মধ্যে বিপুল অঙ্কের অর্থ বিনিয়োগ করছে।
তবে এ ঘোষণার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া এসেছে ক্যালিফোর্নিয়া থেকে। বিশ্বের অনেক বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের ঘাঁটি হিসেবে পরিচিত অঙ্গরাজ্যটির গভর্নর গ্যাভিন নিউসম এক বিবৃতিতে ট্রাম্পের সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, এ নির্বাহী আদেশের মাধ্যমে প্রেসিডেন্ট অনিয়ন্ত্রিত এআই প্রযুক্তি থেকে নাগরিকদের সুরক্ষার জন্য করা অঙ্গরাজ্য আইনগুলো বাতিল করতে চাইছেন।
চলতি বছরের শুরুতে একটি আইনে সই করেন গভর্নর নিউসম । এতে বড় এআই উন্নয়নকারী প্রতিষ্ঠানগুলোকে তাদের মডেল থেকে সৃষ্ট ঝুঁকি কমাতে কী ধরনের পরিকল্পনা রয়েছে, তা জানাতে বাধ্য করা হয়েছে। ক্যালিফোর্নিয়ার পাশাপাশি কলোরাডো ও নিউইয়র্কও এআই উন্নয়ন নিয়ন্ত্রণে আইন পাস করেছে। নিউসমের মতে, এসব আইন ফেডারেল আইন প্রণেতাদের জন্য একটি মানদণ্ড তৈরি করতে পারে।
ফেডারেল পর্যায়ে কার্যকর সুরক্ষাব্যবস্থা না থাকলে অঙ্গরাজ্যের আইন প্রয়োজনীয় বলে মত দিয়েছেন অনেকে। মাদার্স অ্যাগেইনস্ট মিডিয়া অ্যাডিকশন নামের একটি সংগঠনের প্রতিনিধি জুলি স্কেলফো বলেন, ‘অঙ্গরাজ্যগুলোর নিজস্ব সুরক্ষা ব্যবস্থা নেয়ার অধিকার কেড়ে নেয়া তাদের বাসিন্দাদের সুরক্ষাকে দুর্বল করবে।’
তবে নিউইয়র্ক ল' স্কুলের সহযোগী অধ্যাপক মাইকেল গুডইয়ার বলেন, ভিন্ন ভিন্ন অঙ্গরাজ্যের আইন এআই শিল্পের জন্য সমস্যার কারণ। একাধিক আইন থাকার চেয়ে একটি ভালো ফেডারেল আইন থাকা উত্তম, যদিও সেটি কার্যকর হবে কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে।










