ইনস্টাগ্রাম নোটসের মতো একটি স্ট্যাটাস আপডেট ফিচার চালু করতে যাচ্ছে মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। মেটার মালিকানাধীন এ অ্যাপের ব্যবহারকারীরাও এখন ছোট টেক্সট বা বার্তা আপডেট পোস্ট করতে পারবেন যা কনট্যাক্টসে থাকা অন্যরা দেখতে পাবে। নতুন এ ফিচারের নাম ‘অ্যাবাউট’। খবর টেকক্রাঞ্চ।
হোয়াটসঅ্যাপ এক ব্লগ পোস্টে জানিয়েছে, অ্যাপটির প্রথম ফিচার ছিল অ্যাবাউট। মেসেজিং অ্যাপটি বর্তমানে আরো নিরাপদ হওয়ায় ফিচারটি নতুনভাবে আবারো আনা হয়েছে। এতে ব্যবহারকারীরা ছোট টেক্সট আপডেট দিতে পারবে, যা ওয়ান অন ওয়ান চ্যাটের পাশাপাশি ইউজার প্রোফাইলেও দেখা যাবে। এমনকি চ্যাটের মধ্যেই অ্যাবাউট স্ট্যাটাসে ট্যাপ করে সরাসরি রিপ্লাইও করা যাবে।
ইনস্টাগ্রাম নোটসের মতো এটিও ২৪ ঘণ্টার মধ্যে নিজ থেকেই অদৃশ্য হয়ে যাবে। তবে এক্ষেত্রে টাইমারও দেয়া থাকবে। ফলে ব্যবহারকারী নিজের সুবিধামতো সময় নির্ধারণ করতে পারবেন। সেইসঙ্গে অ্যাবাউট স্ট্যাটাসের গোপনীয়তা নিয়ন্ত্রণ করার ক্ষমতাও থাকবে ব্যবহারকারীর।
শুরুর দিকে হোয়াটসঅ্যাপের নতুন ফিচারটি ইনস্টাগ্রাম নোটসের মতো অতটা উন্নত হবে না। ইনস্টাগ্রাম নোটস যেখানে ছোট ভিডিও ও গান শেয়ার করার সুবিধা দেয়, হোয়াটসঅ্যাপের অ্যাবাউট স্ট্যাটাসে এখন সেসব নেই। তবে ফিচারটি জনপ্রিয় হলে ভবিষ্যতে এমন সুবিধা যোগ করার ইঙ্গিত দিয়েছে মেটা।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ফিচারটি এ সপ্তাহ থেকেই মোবাইল ব্যবহারকারীদের কাছে পৌঁছতে শুরু করবে।
গত মাসে ফেসবুক, এক্স ও লিংকডইনের মতো প্রোফাইল ফটোর (ডিপি) ওপরে কভার ফটো যোগের ফিচার আনার ঘোষণা দেয় হোয়াটসঅ্যাপ। শিগগিরই ব্যবহারকারীরা ফোনের গ্যালারি থেকে পছন্দের ছবি বেছে নিয়ে কভার হিসেবে সেট করতে পারবেন। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, প্রোফাইলে থাকা ছবির তুলনায় এটি আকারে বড় ও চওড়া হবে। চাইলে প্রিয় উক্তি বা পছন্দের জায়গার ছবিও ব্যবহার করা যাবে। তবে বর্তমানে ফিচারটি পরীক্ষাধীন অবস্থায় রয়েছে।










