হুয়াওয়ের সর্বশেষ ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলোয় দক্ষিণ কোরিয়ার সেমিকন্ডাক্টর প্রতিষ্ঠান এসকে হাইনিক্সের তৈরি মেমোরি চিপ ব্যবহার করা হয়েছে। কারণ চীনে উন্নত চিপ তৈরির সরঞ্জাম রফতানিতে মার্কিন নেতৃত্বাধীন নিষেধাজ্ঞার কারণে দেশটির তৈরি চিপগুলো এখনো সীমিত। গবেষণা প্রতিষ্ঠান টেক ইনসাইটস এসব তথ্য জানিয়েছে। খবর সাউথ চায়না মর্নিং পোস্ট।

গত সপ্তাহে প্রকাশিত এক প্রতিবেদনে কানাডিয়ান গবেষণা প্রতিষ্ঠানটির বিশ্লেষকরা জানান, হুয়াওয়ে মেট ৭০ প্রো হ্যান্ডসেটের ভেতর এসকে হাইনিক্সের ১২ গিগাবাইটের লো-পাওয়ার মোবাইল ডির‍্যাম ও ৫১২ গিগাবাইট ন্যান্ড পাওয়া গেছে। এদিকে মেট ৭০ প্রো প্লাস হ্যান্ডসেটে একই ন্যান্ড ও এসকে হাইনিক্সের ১৬ গিগাবাইটের ডির‍্যাম ব্যবহার করা হয়েছে। ন্যান্ড হলো ফ্ল্যাশ স্টোরেজ ডিভাইসে ব্যবহৃত মেমোরি প্রযুক্তি। ডির‍্যাম বা ডাইনামিক র‍্যান্ডম-অ্যাক্সেস মেমোরি সাধারণত স্মার্টফোন ও কম্পিউটারে ব্যবহার হয়।

টেক ইনসাইটসের জ্যেষ্ঠ বিশ্লেষক জিয়ংডং চোয়ের মতে, এসকে হাইনিক্স ১৪ ন্যানোমিটার প্রযুক্তি ও উন্নত এক্সট্রিম আল্ট্রাভায়োলেট লিথোগ্রাফি ব্যবহার করে এ মোবাইল ডির‍্যাম ডিভাইসগুলো তৈরি করেছে।

এসকে হাইনিক্স গত বৃহস্পতিবার জানিয়েছে, হুয়াওয়ের ওপর বিধিনিষেধ আরোপের পর থেকে প্রতিষ্ঠানটি কঠোরভাবে নিয়ম অনুসরণ করে চলছে ও তখন থেকেই প্রতিষ্ঠানটির সঙ্গে সব ধরনের ব্যবসা বন্ধ করে দিয়েছে।

টেক ইনসাইটসের তথ্যমতে, ২০২৩ সালে হুয়াওয়ে স্থানীয়ভাবে তৈরি উন্নত চিপযুক্ত মেট ৬০ প্রো বাজারে এনে সবাইকে চমকে দেয়। তবে আগের বছরের প্রিমিয়াম পি ও মেট সিরিজের বেশির ভাগ ফোনে এসকে হাইনিক্সের ডির‍্যাম ও ন্যান্ড চিপ ব্যবহার করা হয়েছে।

তবে চীনা সেমিকন্ডাক্টর নির্মাতারা ক্রমবর্ধমানভাবে চ্যাংজিন মেমোরি টেকনোলজিস (সিএক্সএমটি) ও ইয়াংজি মেমোরি টেকনোলজিস করপোরেশনের (ওয়াইএমটিসি) পণ্যগুলোর দিকে ঝুঁকছে। অক্টোবরে লঞ্চ হওয়া হুয়াওয়ে নোভা ১৩ প্রোতে সিএক্সএমটি ডির‍্যাম ও ওয়াইএমটিসি ন্যান্ড চিপ ব্যবহার করা হয়েছে।

চোয়ে বলেন, ‘গবেষকরা মেট ৭০ সিরিজে এসকে হাইনিক্স চিপ খুঁজে পেয়ে অবাক হয়েছিলেন। কারণ তারা আশা করেছিলেন যে হুয়াওয়ে ডির‍্যামের জন্য সিএক্সএমটি ও এনএএনডির জন্য ওয়াইএমটিসি থেকে মেমরি চিপ ব্যবহার করবে।’ নভেম্বরে উন্মোচন হয় মেট ৭০ সিরিজ। এসব ফোনে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কিরিন ৯০১০ ও ৯০২০।