সুইজারল্যান্ড, উত্তর আয়ারল্যান্ডসহ ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৯টি দেশে আইফোন ১৪, আইফোন ১৪ প্লাস ও আইফোন এসই৩ বিক্রি বন্ধ করে দিয়েছে অ্যাপল। ইইউর নতুন নিয়মানুযায়ী সব ইলেকট্রনিক ডিভাইস, বিশেষ করে স্মার্টফোনে চলতি বছরের ২৮ ডিসেম্বর থেকে অভিন্ন ইউএসবি-সি চার্জিং পোর্ট ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এ নিয়ম মেনে তিনটি মডেল সংশ্লিষ্ট দেশগুলোর অনলাইন স্টোর থেকে সরিয়ে নিয়েছে অ্যাপল। খবর মেকইউজঅব।
ইইউ বলছে, নতুন নিয়মের উদ্দেশ্য ইলেকট্রনিক বর্জ্য কমানো ও চার্জিং পোর্টের ক্ষেত্রে একটি অভিন্ন ব্যবস্থা চালু করা। অ্যাপল শুরু থেকে এ নিয়মের বিরুদ্ধে ছিল । কোম্পানিটি বলেছিল, এটি উদ্ভাবনের পথে বাধা সৃষ্টি করবে। তবে শেষ পর্যন্ত তারা নতি স্বীকার করে নতুন আইফোন ১৫ সিরিজ এবং আইপ্যাড ও এয়ারপডের মতো পণ্যে ইউএসবি-সি পোর্ট চালু করেছে।
ইউরোপীয় ইউনিয়নের নতুন নিয়ম অনুযায়ী, লাইটনিং পোর্টযুক্ত আইফোন ১৪, আইফোন ১৪ প্লাস ও আইফোন এসই৩ বাজারে থাকার উপযুক্ততা হারিয়েছে। ফলে এসব মডেল ইউরোপীয় বাজার, সুইজারল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ড থেকে সরিয়ে নিয়েছে অ্যাপল।
অ্যাপলের অফিশিয়াল স্টোর থেকে মডেলগুলোর বিক্রি বন্ধ করে দেয়া হলেও কিছু তৃতীয় পক্ষের বিক্রেতাদের স্টোরে ফোনগুলো এখনো পাওয়া যাবে। স্পেনে অ্যামাজনের মজুদ শেষ না হওয়া পর্যন্ত মডেলগুলো বিক্রি করতে পারবে। তবে কর্তৃপক্ষ বলছে, এটি সাময়িক সমাধান। নিয়ম কার্যকর হওয়ার পর নতুন মজুদ বিক্রির অনুমতি থাকবে না।
এদিকে আইফোন এসই মডেলের বিক্রি আগেই কমে গিয়েছিল। ইউরোপের বাজারে এর একটি নতুন মডেল বাজারে আনতে পারে অ্যাপল। সম্ভাব্য মডেলটি আগামী বছরের প্রথমার্ধ নাগাদ উন্মোচন হতে পারে।
এদিকে ইউএসবি-সি পোর্ট ব্যবহারের বিষয়টি ইউরোপের বাইরে এখনো তেমন জোরালো হয়ে উঠেনি। অন্য কোনো দেশ এ ধরনের নিয়ম কার্যকর করার সম্ভাবনা কম। তাছাড়া আইফোন ১৪-মডেলগুলো স্বাভাবিকভাবেই বছরের শেষের দিকে বাজার থেকে বাদ যাবে।
ইউএসবি-সি পোর্ট ব্যবহারের সিদ্ধান্ত মূলত পরিবেশ রক্ষা ও চার্জিং ব্যবস্থাকে সহজ করার জন্য নেয়া হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এটি অ্যাপলের জন্য একটি বড় পরিবর্তনের সংকেত। এ ঘটনায় তারা তাদের প্রযুক্তিকে নতুন মানের সঙ্গে খাপ খাইয়ে নিতে বাধ্য হয়েছে।










