গত জুলাইয়ে নিজেদের প্রথম ফ্লিপ স্টাইল ফোল্ডেবল ফোন উন্মোচন করে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি। গত সেপ্টেম্বরে বাজারে আসার পর ‘মিক্স ফ্লিপ’ ডিভাইসটি বেশ ইতিবাচক সাড়া পায়। কোম্পানিটি এখন সিরিজের পরবর্তী মডেলের ওপর কাজ করছে। ট্রিপস্টার ডিজিটাল চ্যাটস্টেশন (ডিসিএস) সম্প্রতি এ তথ্য জানায়। তথ্যানুযায়ী, প্রত্যাশার চেয়ে আগেই চীনে উন্মোচন হতে পারে নতুন ফোন। খবর গিজচায়না।
ডিজিটাল চ্যাটস্টেশন জানিয়েছে, শাওমি মিক্স ফ্লিপ টু ২০২৫ সালের প্রথমার্ধে উন্মোচন করা হবে। মূল মিক্স ফ্লিপের সফলতা ও বিক্রয় প্রবৃদ্ধির কারণে শাওমি দ্বিতীয় প্রজন্মের মডেলে বড় আপগ্রেড আনতে কাজ করছে। প্রথম প্রজন্মের মিক্স ফ্লিপে স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ ব্যবহার করা হয়েছে। তবে নতুন মডেলে থাকতে পারে স্ন্যাপড্রাগন ৮ এলিট, যা একে অন্যতম সেরা ফ্লিপ ফোন হিসেবে প্রতিষ্ঠিত করবে।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, বিশ্ববাজারে শাওমি মিক্স ফ্লিপ সিরিজের প্রতিদ্বন্দ্বী হতে পারে স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৬ ও মটোরোলা রেজর ৫০ আল্ট্রা। নতুন ফোনটি আগের মডেলের তুলনায় আরো উন্নত হবে বলে জানিয়েছে ট্রিপস্টার। এতে ওয়্যারলেস চার্জিং সুবিধা থাকবে, যা প্রথম মডেলে ছিল না। ডিভাইসটি আরো পাতলা ও ইউজার ফ্রেন্ডলি হবে।
গত আগস্টে জিএসএমএ আইএমইআই ডাটাবেজে দুটি মডেল নম্বর প্রকাশ্যে আসে। প্রযুক্তিবিদদের ধারণা, নম্বরগুলো সম্ভবত মিক্সফ্লিপ টুয়ের চীনা ও বৈশ্বিক সংস্করণের প্রতিনিধিত্ব করে। ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি (আইএমইআই) মোবাইল ফোন ও অন্যান্য ডিভাইসের জন্য একটি অনন্য শনাক্তকারী কোড। জিএসএমএ প্রতিষ্ঠানটি মোবাইল নেটওয়ার্কসংক্রান্ত বিষয়গুলো পরিচালনা করে ও এ ডাটাবেজে আইএমইআই নম্বরগুলো সংরক্ষণ করা হয়।
মিক্স ফ্লিপ টুর ব্যাটারির বিষয়ে কিছু জানায়নি ডিসিএস। তবে বিশ্লেষকরা বলছেন, এতে বড় ব্যাটারি থাকবে, যা হতে পারে পাঁচ হাজার এমএএইচের বেশি। ফ্লিপ ডিজাইনের ফোল্ডেবল ফোনের জন্য এ ধরনের ব্যাটারি বেশ বড় হিসেবে বিবেচিত। স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেটের সঙ্গে যুক্ত হয়ে ফোল্ডেবল ফোন বাজারে শক্ত প্রতিযোগিতা করবে বলে ধারণা করা হচ্ছে।










